বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের নেই: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের নেই বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেটকে দেশের প্রয়োজনের তুলনায় বড় না হলেও সরকারের সামর্থ্য, বাজেট বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতা ও যোগ্যতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে এ বাজেট বাস্তবায়ন অসম্ভব হবে।লিখিত বক্তব্যে এম কে আনোয়ার প্রস্তাবিত এ বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে দাবি করে বলেন, এ বাজেটের ফলে গরিব-ধনী বৈষম্য আরও বৃদ্ধি পাবে। বাজেটে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় দেশের অর্থনৈতিক সংকট আরও গভীর হবে। মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, যার ফলে প্রবৃদ্ধি কমবে। এম কে আনোয়ার বলেন, প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় দুর্নীতিবাজরা ও কুইক রেন্টাল প্রকল্পের লুট হওয়া টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করবে। আর এ ধরনের কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সমর্থনের ফলে জাতির নৈতিক ভিত্তিকে শিথিল করে দেবে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।