সৈয়দ আশরাফের বক্তব্যে সিপিডির প্রতিক্রিয়া
বাজেট বিশ্লেষণ কে উপস্থাপন করবেন তা ঠিক করার অধিকার সিপিডির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।সংস্থাটির পক্ষে নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান গতকাল রোববার সংবাদপত্রে পাঠানো এক লিখিত প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সিপিডির কোনো গবেষণালব্ধ বিশ্লেষণ ও এর ফলাফল গবেষণা টিমের পক্ষ থেকে কে উপস্থাপন করবেন, তা নির্ধারণ করার অধিকার একান্তভাবেই সিপিডি কর্তৃপক্ষের। ৭ জুন সংবাদ সম্মেলনে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের ওপর সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য যে পর্যালোচনা উপস্থাপন করেছেন, সিপিডির গবেষক দল সেটি প্রস্তুত করেছে। এতে দেবপ্রিয় ভট্টাচার্য যে মন্তব্য ও পর্যালোচনা উপস্থাপন করেছেন, তা গবেষক দলের মতামতের প্রতিফলন, যেখানে সিপিডির নির্বাহী পরিচালকও একজন সদস্য।’প্রতিক্রিয়ায় সিপিডি আরও বলেছে, সব সময় তথ্য-প্রমাণ বিশ্লেষণের ভিত্তিতেই দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় বাজেটের প্রস্তাবনাসমূহের পর্যালোচনা প্রস্তুত করা হয়, যা উল্লিখিত বাজেট বিশ্লেষণের ক্ষেত্রেও প্রযোজ্য।৮ জুন শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক কর্মীদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে আয়োজিত এক কনভেনশনে সৈয়দ আশরাফুল ইসলাম আরও অনেক কথার সঙ্গে সিপিডি নিয়েও কথা বলেছিলেন। তিনি ওই অনুষ্ঠানে বলেন, ‘বাজেট নিয়ে বিরোধী দল কোনো বিস্তারিত প্রতিক্রিয়া দিল না। বাজেট নিয়ে কোনো মিছিল-মিটিংয়ের আয়োজন হলো না। কিন্তু তার বিকল্প কে করল? বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করল সেন্টার ফর পলিসি ডায়ালগ। দেবপ্রিয় সিপিডির চিফ এক্সিকিউটিভ নন। মোস্তাফিজুর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁর কিন্তু এখানে প্রতিক্রিয়া দেওয়ার ভূমিকা নেই। আমাদের সন্দেহ জেগেছে, এটা সিপিডির প্রতিক্রিয়া কি না।’ এরপর সৈয়দ আশরাফ বলেন, রাজনৈতিক সরকারের প্রতিপক্ষ একটা এনজিও কোনো দিন হতে পারে না।
অনুষ্ঠানে সৈয়দ আশরাফ টক শো নিয়েও কথা বলেন। তিনি বলেছিলেন, ‘কিছুসংখ্যক তথাকথিত বুদ্ধিজীবী বিভিন্ন নামে টেলিভিশনে আসেন। আর ওই বুদ্ধিজীবীরা বাংলাদেশের তুলার উৎপাদন কেন ব্যাহত হচ্ছে, সে ব্যাপারেও টক শোতে আসবেন। কেন অকালবন্যা হয়, সেই টক শোতেও তাঁরা আসবেন। গরুর কেন অকালমৃত্যু হয়, সেটাতেও আসবেন। তত্ত্বাবধায়ক সরকার বিষয় নিয়েও আলোচনা করতে আসবেন, অর্থনীতি নিয়েও আলোচনায় যাবেন। এই হাতে গোনা কয়েকজন, সমগ্র বিষয়ে তাঁরা পণ্ডিত। বিভিন্ন বিষয়ে একই লোক। সব বিষয়ে তাঁরা অভিজ্ঞ। এঁরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও চান না। তাঁরা নির্বাচনও চান না। এঁরা কিন্তু গণতান্ত্রিক শাসনব্যবস্থাও চান না। তাঁরা চান শুধু কিছুদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে। যাঁরা বিভিন্ন টক শোতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব উত্থাপন করেন, যুক্তি-তর্ক দেখান, সেটার একমাত্র উদ্দেশ্যই হলো একট অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। তাঁরা কখনোই গণতন্ত্রের পক্ষের শক্তি ছিলেন না। তাঁরা একসময় পাকিস্তানি স্বৈরশাসকের দাস ছিলেন। তাঁদের দিয়ে কোনো দিনই একটি স্বাধীন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।