বাজেট সময়োপযোগী বাস্তবায়ন করতে পারব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ বাজেট বাস্তবায়ন করতে পারব। এর ফল যাতে জনগণ পায়, সে ব্যবস্থাও করা যাবে।’গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাজেটের ঘাটতি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, এটা স্বাভাবিক। অতীতেও বাজেটে পাঁচ শতাংশ ঘাটতি ছিল।শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সাংগঠনিক সম্পাদকেরা যাঁর যাঁর বিভাগের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। দলের তৃণমূল পর্যায়ে সম্মেলন শেষ করার জন্য সাতটি কমিটি করে দেওয়া হয়। সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখও বৈঠকে চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী বলেন, সব বাজেটেই তাঁর সরকারের লক্ষ্য থাকে শিক্ষার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো, গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। তিনি বলেন, বাজেট প্রণয়নের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করা হয়েছে। অতীতে কোনো সরকার তা করেনি। বাজেট নিয়ে কিছু মানুষ অখুশি হতে পারে। বিরোধী দল লুটপাট, দুর্নীতি করতে পারছে না। স্বাভাবিকভাবেই তারা অখুশি। শেখ হাসিনা বলেন, ‘এবার ক্ষমতায় এসে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়িয়েছি। বাপেক্সকে শক্তিশালী করা হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মূল্যস্ফীতি কমেছে। বেতন বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, অনেক ক্ষেত্রে ওয়াদা থেকে বেশি কাজ করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার কথা থাকলেও ইউনিয়ন পর্যায় পর্যন্ত দেওয়া হয়েছে। সরকার প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছে। এর সুফল জনগণ পাচ্ছে। শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়। যার ফলে সমাজের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়।