মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক৷ তিনি বলেছেন, ‘বাজেট সেশনের পর আমি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে একটা স্পষ্ট বক্তব্য দেব৷’
গত শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০১৪ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন৷
আইনমন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনাল রায় কখন দেবেন এটা তাঁরা সিদ্ধান্ত নেবেন৷ আমরা ট্রাইব্যুনালকে কোনো নির্দেশ দিই না৷’
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনছার উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান ও সংগঠনের মহাসচিব মাহফুজুর রহমান খান৷
রেজিস্ট্রেশন বিভাগে কর্মরতদের উদ্দেশ করে আনিসুল হক বলেন, পরিদপ্তর থেকে মাঠপর্যায়ে রেজিস্ট্রি অফিস পর্যন্ত প্রতিটি স্তরে সব কর্মকর্তা-কর্মচারীকে আইন ও বিধিনির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালনে শতভাগ সচেষ্ট থেকে জনসাধারণের কাঙ্ক্ষিত সেবার মান নিশ্চিত করতে হবে৷