বাজেটকে কৃষিবান্ধব বললেন সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের সাংসদেরা ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রশংসা করেছেন। প্রস্তাবিত বাজেটকে তাঁরা কৃষিবান্ধব বলে আখ্যা দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেওয়া বেশির ভাগ সাংসদ এ আখ্যা দেন। আসরের নামাজের বিরতির পর অধিবেশন কক্ষে বেশির ভাগ মন্ত্রী অনুপস্থিত থাকায় সাংসদেরা ক্ষোভ জানান। বিরোধী দল গতকালও সংসদে অনুপস্থিত ছিল।আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মজিবুর রহমান উন্নয়ন কর্মকাণ্ডে মহাজোটের শরিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের আচরণে ক্ষোভ জানান। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম, মহাজোট মানে মহাশক্তি। সবাই মিলে দেশের সেবা করব, উন্নয়ন করব। কিন্তু নির্বাচনের পর দেখছি, আওয়ামী লীগের নেতারা আমাদের পৃথক করতে চান।’ তিনি আরও বলেন, ‘আমরা কি যুদ্ধ করতে এসেছি? আমরা তো যুদ্ধ করতে আসিনি। এসেছি দেশ গড়তে। আমি প্রধানমন্ত্রীকে বলব, মাঝেমধ্যে আমাদের ডাকুন। চা খাওয়ান, পয়সা বেশি খরচ হলে দরকার হলে আমরা দেব। আমাদের পৃথক করবেন না।’আওয়ামী লীগের জুনায়েদ আহমেদ আলোচনায় ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব করেন। তিনি বলেন, জনশক্তি রপ্তানির জন্য পরিকল্পনা করতে হবে। কৃষিশিক্ষাকে বাধ্যতামূলক করে প্রতি জেলায় কৃষি কলেজ করতে হবে। গ্রামভিত্তিক কর্মপরিকল্পনা করতে হবে। বিদেশগামী শ্রমশক্তিকে বছরভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে বিনা খরচে ইন্টারনেট চালুর ব্যবস্থা করতে হবে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো করে তাঁদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা নিতে হবে।সরকারি দলের মহিবুর রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। কারণ, আওয়ামী লীগ এ দেশের মানুষের মৌলিক চাহিদা অন্নের প্রয়োজন মেটাতে গুরুত্ব দেয়। তালুকদার মো. ইউনুস সঞ্চয়পত্রের ওপর কর বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান। এনামুল হক অপরিশোধিত চিনির ওপর থেকে বর্ধিত কর প্রত্যাহারের প্রস্তাব করে বলেন, এতে দেশের জনগণের উপকার হবে।জিয়াউর রহমান দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক বৈষম্য দূর করতে ব্যবস্থা নেওয়ার এবং বঙ্গবন্ধু সেতুতে মালবাহী ট্রাকের টোল তিন ভাগের এক ভাগ করার দাবি জানান।ওমর ফারুক চৌধুরী বলেন, উত্তরাঞ্চলে গ্যাস নেই। ফলে শিল্প-বাণিজ্য ব্যয়বহুল হয়। তিনি উত্তরাঞ্চলের ন্যায্য হিস্যা দাবি করেন।প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় আরও অংশ নেন মনিরুল ইসলাম, মঞ্জুর কাদের কোরেশী। পরে সংসদের অধিবেশন কাল শনিবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।