প্রস্তাবিত জাতীয় বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলা যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্ধ্যায় মোরশেদ মুরাদ বলেন, দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, বিকাশ, কর্মসৃজন এবং কার্যকর অর্থে বর্তমান বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলা যায়। তিনি এ বাজেটকে অর্থনৈতিক উন্নয়নে গতিশীল বাজেট হিসেবেও আখ্যায়িত করেন।চেম্বারের সভাপতি বাজেটে চেম্বারের সুপারিশ অনুযায়ী চট্টগ্রামে বন্ড কমিশনারেট স্থাপন, জুলাই থেকে একীভূত কাস্টম হাউসের কার্যক্রম চালু, সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানোসহ বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি ব্যক্তিপর্যায়ে আয়ের ওপর করমুক্তির সীমা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৮০ হাজার এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে তা আড়াই লাখ টাকা করার সিদ্ধান্তকে অভিনন্দন জানান। এ ছাড়া চেম্বারের প্রস্তাব অনুযায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিদ্যমান মূূসকের হার ৪ থেকে ৩ শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্তকেও তিনি অভিনন্দন জানান।মোরশেদ মুরাদ মনে করেন, সেভিংস ইনস্ট্রুমেন্টের ওপর কর ১০ থেকে ৫ শতাংশে কমিয়ে আনায় মধ্যবিত্ত শ্রেণী বিনিয়োগে উৎসাহী হবে।