বাজেটে ইতিবাচক পদক্ষেপেও দুগ্ধশিল্পে দুর্দিন কাটছে না
দেশীয় দুগ্ধশিল্পের স্বার্থে এবারের বাজেটে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের খামারিদের দুর্দিন এতে কাটছে না। খামারিদের দাবি, শুধু শুল্কের হ্রাস-বৃদ্ধি করলেই হবে না, তাঁদের উৎপাদিত দুধের দামও বাড়াতে হবে। কারণ দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে যে দামে দুধ কিনছে তাতে খামারিদের লোকসান হচ্ছে।
জানা যায়, এবারের বাজেটে বাণিজ্যিকভাবে বাল্কে আমদানি করা গুঁড়ো দুধের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। অপরদিকে মিল্ক ট্যাংকারের আমদানিতে প্রযোজ্য ৫ শতাংশ শুল্ক ও ১৫ শতাংশ মূসকসহ মোট করভার ৩১ দশমিক ০৭ শতাংশ থেকে কমিয়ে শুধু ২ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।
পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে ওঠা দেশের প্রধান দুধ উৎপাদনকারী অঞ্চলের লক্ষাধিক খামারির আয়ের একমাত্র উৎস তাঁদের খামারে উৎপাদিত দুধ। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এ অঞ্চল থেকে মিল্কভিটা, আড়ং দুধ, প্রাণ ডেইরি, ফার্ম ফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলা বাজারে বিক্রি করে থাকে।
খামারিদের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো প্রায়ই নানা ছুতোয় দুধ সংগ্রহ কমিয়ে দেয়। এতে অবিক্রীত দুধ নিয়ে বিপাকে পড়তে হয় খামারিদের। দ্বিতীয়ত প্রতিষ্ঠানগুলো খামারিদের দুধের ন্যায্য দামও দেয় না। তাই খামারিরা দীর্ঘদিন ধরে দুটি দাবি জানিয়ে আসছেন। এর একটি হলো সংগ্রহমূল্য বাড়িয়ে কমপক্ষে ৪২ টাকা করা এবং অপরটি হলো দুধ সংগ্রহ অব্যাহত রাখা। কিন্তু তাঁদের কোনো দাবিই পূরণ হচ্ছে না। খামারি ও দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, ভারতীয়সহ বিদেশি নিম্নমানের দুধের কারণে দেশীয় দুগ্ধশিল্প মার খাচ্ছে। বাজেটে বিদেশি দুধের ওপর শুল্ক বাড়ানোয় দেশি দুধের চাহিদা কিছুটা হলেও বাড়ার কথা। কিন্তু সে ধরনের লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। খামারিরা জানান, প্রত্যেক বছর রমজান মাসে এমনিতেই দুধের চাহিদা বেশি থাকে। দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো এ সময়টায় দুধের দামও কিছুটা বাড়িয়ে থাকে। কিন্তু এবার প্রতিষ্ঠানগুলো দুধ ঠিকমতো সংগ্রহ করলেও মূল্য বাড়ায়নি। খামারিদের দাবি, প্রতি লিটার দুধের উৎপাদন খরচ পড়ে ৪০ টাকার কাছাকাছি। কিন্তু প্রতিষ্ঠানগুলো প্রতি লিটার দুধের দাম দিচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা।
মিল্ক ভিটার আওতাভুক্ত বাঘাবাড়ী প্রামাণিকপাড়া প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ব্যবস্থাপক কেসমত আলী বলেন, ‘গত দুই মাসে গো-খাদ্যের দাম ব্যাপক বাড়িছে। অথচ দুধের দাম এক পয়সাও বাড়ে নাই। এমনকি এবারের রমজান মাসেও মিল্ক ভিটা দুধের দাম বাড়ায় নাই। গত বছর রমজান মাসে মিল্ক ভিটা প্রতি লিটারের দাম ৪২ থেকে ৪৪ টাকা পর্যন্ত দিছে। অথচ এ বছর ৩৭ থেকে ৩৮ টাকা দিত্যাছে। এরম (এমন) দাম পায়া প্রতি লিটারে আমাগরে দুই-তিন টাকারও বেশি লস যাত্যাছে।’
বেড়া-সাঁথিয়ার খামারি ও দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে গড়া উদয়ন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি ফজলুল হক বলেন, ট্যাক্স কী বাড়ল-কমল তা নিয়ে খামারিদের মাথাব্যথা নেই। খামারিদের মাথাব্যথা তাঁরা দুধের দাম ঠিকমতো পাচ্ছে কি না। খামারিদের বাঁচাতে এই মুহূর্তে দুধের সংগ্রহমূল্য বাড়ানো দরকার। মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, তাঁরা প্রতিদিন এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার লিটার দুধ সংগ্রহ করেন। প্রতি লিটার দুধের দাম দেওয়া হচ্ছে গড়ে ৩৭ টাকা ৫০ পয়সা। দাম বাড়ানো হবে কি না সে ব্যাপারে তাঁর কাছে তথ্য নেই।
প্রাণ ডেইরির সহকারী মহাব্যবস্থাপক (পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল) শরিফউদ্দিন তরফদার বলেন, বাজেটে শুল্ক হ্রাস-বৃদ্ধির বিষয়টি দেশীয় দুগ্ধশিল্পের জন্য ইতিবাচক পদক্ষেপ। তাঁরা পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল থেকে প্রতিদিন প্রায় ৮০ হাজার লিটার দুধ সংগ্রহ করছেন। সংগ্রহমূল্য পড়ছে গড়ে ৩৮ টাকা ১৫ পয়সা। এটা বাড়ানো হবে কি না সে ব্যাপারে আপাতত তিনি কিছু জানেন না।