পর্যটন শহর কক্সবাজার থেকে প্রতিবছর প্রায় ৩৫ হাজার কোটি টাকা জাতীয় অর্থনীতিতে যোগ হয়। অথচ এই জেলার মানুষের জন্য ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটেও তেমন কোনো বরাদ্দ রাখা হয়নি। গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে রেললাইন সম্প্রসারণ, গভীর সমুদ্রবন্দর স্থাপন, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, জেলার প্রধান নদী বাঁকখালী খননসহ পর্যটনশিল্পের উন্নয়নে নানা পরিকল্পনার ঘোষণা দিলেও এই বাজেটে এসব প্রকল্প বাস্তবায়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। এতে কক্সবাজারের মানুষ ক্ষুব্ধ। প্রস্তাবিত বাজেট গতানুগতিক ও বৈষম্যের বাজেট। এই বাজেটে গরিব মানুষের কোনো উপকার হবে না। গতকাল শনিবার বেলা ১১টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মুক্ত আলোচনায় আলোচকেরা এসব কথা বলেন। কক্সবাজার পৌরসভা সম্মেলনকক্ষে ‘মুক্ত আলোচনা, জাতীয় বাজেটে কক্সবাজার কী পেল’ শীর্ষক এ আলোচনা সভা হয়।সুজনের কক্সবাজার শাখার সভাপতি অধ্যাপক এম আবদুল বারী বলেন, দেশে এ পর্যন্ত ৪০টি জাতীয় বাজেট হয়েছে। কোনো বাজেটে কক্সবাজারের উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়নি। অথচ উন্নয়নের নামে কক্সবাজারের প্রাকৃতিক সম্পদ পাহাড় ও বনাঞ্চল নিধন, সাগর-নদীর তীর দখল এবং কৃষিজমি নষ্ট করে বহুতল ভবন করা হচ্ছে। মন্ত্রী-আমলারা সফরে এসে কক্সবাজারে উন্নয়নের ফুলঝুড়ি ছাড়েন, কিন্তু বাজেটে এর কোনো প্রতিফলন থাকে না। তিনি আরও বলেন, কক্সবাজারের রাজনৈতিক দলের নেতাদের ব্যর্থতা, প্রশাসনের নির্লিপ্ততা এবং জনগণের অসচেতনতার কারণে কক্সবাজার বারবার বৈষম্যের শিকার হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কক্সবাজার বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই এ ব্যাপারে এখনই সক্রিয় ভূমিকা পালন করতে হবে।কক্সবাজার সিভিল সোসাইটির সহসভাপতি প্রকৌশলী কানন পাল বলেন, ‘এই বাজেট গতানুগতিক। কারণ এতে কক্সবাজারের উন্নয়নের জন্য বিশেষ কোনো বরাদ্দ রাখা হয়নি। কক্সবাজারে পর্যটনশিল্পে বিনিয়োগের নামে প্রভাবশালী ব্যক্তিরা কালো টাকা সাদা করছেন। কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কথা বলে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। কারণ এই পরিকল্পনায় জনগণের কোনো সম্পৃক্ততা নেই।’চিকিৎসক চন্দন কান্তি দাশ বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত ইজারা দিয়ে, ঝিনুক মার্কেট তৈরিতে সহযোগিতা করে প্রশাসনের কর্মকর্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। কিন্তু সরকার এক টাকাও রাজস্ব পাচ্ছে না। তিনি আরও বলেন, বহিরাগত প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থ রক্ষার জন্য কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ বলি দেওয়া হচ্ছে। অথচ জেলার ২৫ লাখ মানুষের জন্য কিছু করা হচ্ছে না। এ ব্যাপারে জেলাবাসীর সোচ্চার হওয়া প্রয়োজন। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়ে দেশের বার্ষিক চাহিদা পূরণ করা সম্ভব হয়। কিন্তু বাজেটে ৫৫ হাজার লবণচাষির জন্য কোনো বরাদ্দ নেই।আলোচনায় অংশ নেন উচ্চমাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হোসাইন আহমদ, কক্সবাজার গণমুখ থিয়েটারের পরিচালক সত্যপ্রিয় চৌধুরী, বেসরকারি সংস্থা পালস্ বাংলাদেশের সমন্বয়কারী মো. জেবর মুল্লুক, নারীনেত্রী প্রতিভা চৌধুরী, সাংবাদিক ইব্রাহিম খলিল মামুন, মাহবুবুর রহমান প্রমুখ।সাংসদের হতাশা প্রকাশ: প্রস্তাবিত জাতীয় বাজেটে কক্সবাজারে গভীর সমুদ্রবন্দর ও রেললাইন নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মুখে পড়া উপকূলের লাখ লাখ মানুষের জন্য কোনো বরাদ্দ না থাকায় হতাশা প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হতাশা প্রকাশ করেন। সাংসদ লুৎফুর রহমান বলেন, কক্সবাজারের উন্নয়নে নতুন বরাদ্দ দূরে থাক, পর্যটনশিল্পের উন্নয়নে বরাদ্দ আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমানো হয়েছে।