বাজেটে কর হ্রাস চান ব্যবসায়ী নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার রাতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বাস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রপ্তানিযোগ্য পণ্যের উৎস কর ১.৫ শতাংশের পরিবর্তে ০.৪০ শতাংশ নির্ধারণসহ বাজেট প্রস্তাবের কিছু কিছু অংশ পুনর্বিবেচনার অনুরোধ করেন। খবর ইউএনবির।নেতারা বস্ত্রশিল্পকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে এ খাতে ১৫ শতাংশ প্রণোদনা এবং কাঁচামাল আমদানির ওপর কর হ্রাস করার দাবি জানান। সাক্ষাৎ শেষে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং আমাদের প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ আমাদের দেওয়া প্রস্তাবের ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনা করতে পারেন।’ এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ প্রতিনিধিদলে ছিলেন।রমজানে পণ্যের দাম না বাড়ানোর আহ্বান: প্রধানমন্ত্রী আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার ঢাকা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহীমের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির। প্রধানমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে মানুষের কষ্ট হয়। ব্যবসায়ীরা এ ব্যাপারে বিশেষ সচেতন থাকবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা প্রদান অব্যাহত রাখবে। তিনি বর্তমান সরকারকে ব্যবসায়ীবান্ধব সরকার বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এখন আর হাওয়া ভবনের পাওনা মিটিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করতে হয় না। ব্যবসায়ীরা সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যবসা করছেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার নিজে ব্যবসা করে না। আমরা দেশের কল্যাণে ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করেছি।’ তিনি বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। তাঁর বিগত সরকারের আমলেও বেসরকারি খাতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সে সময় টেলিফোন, টেলিভিশন, বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত বেসরকারি খাতে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার বাপেক্সকেও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে দেশের শিল্প ও অবকাঠামো উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতারা বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। বিদেশে বাংলাদেশি ব্যবসায়ীদের মর্যাদা এখন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নেতারা পিপিপির আওতায় ব্যক্তি খাতকে সম্পৃক্ত করা, কৃষি খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে নেতৃত্ব প্রদান, যুগোপযোগী শিক্ষানীতি গ্রহণ, বিনা মূল্যে বই বিতরণ, ই-গভর্নেন্স, নারী উন্নয়ন নীতিমালা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারসহ প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে গ্যাস পাওয়ার কথা ব্যবসায়ীদের জানিয়ে বলেন, এটা খুবই সুসংবাদ। তিনি অন্যান্য যেসব স্থানে গ্যাস অনুসন্ধান করা হচ্ছে, সেসব স্থানেও গ্যাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিগত বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে বলেন, তাদের সাত বছরের শাসনামলে গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। তিনি বলেন, সাত বছরে তারা জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎও যোগ করতে পারেনি। বর্তমান সরকার মাত্র আড়াই বছরে এক হাজার ৯২২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করেছে, যা অতীতের কোনো সরকারের পক্ষেই সম্ভব হয়নি।