করোনাকালে দেশের যুবকেরা পড়েছেন বহুমুখী সমস্যায়। এই ক্রান্তিকালে যুবকদের সহযোগিতায় বেকার ভাতাসহ বিশেষ বরাদ্দ করা যেতে পারে। সহজ শর্তে ঋণ দিয়ে তাঁদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গড়ে তোলার সুযোগ দিতে হবে।
‘জাতীয় বাজেট ২০২১-২২তে যুবদের জন্য বিশেষ বরাদ্দ’ শীর্ষক এক ওয়েবনিয়ারে এসব কথা বলেন আলোচকেরা। একশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
ওয়েবনিয়ারে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আজহারুল ইসলাম খান বলেন, যুবদের উন্নয়নে জাতীয় যুব কাউন্সিল গঠন করতে হবে। তাহলে কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের ভবিষ্যৎও তৈরি হবে।
ওয়েবনিয়ারের আলোচনায় করোনাকালে ঘুরে দাঁড়াতে যুবদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার প্রস্তাব এসেছে। এর অংশ হিসেবে বেকার ভাতা ও উদ্যোক্তাদের সহজে ঋণ দিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গড়ে তোলার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়, ইন্টারনেটের দাম কমানোর কথাও উঠে এসেছে।
আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, এস এম শাহজাদা, রুবিনা আক্তার, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়াতুল্লাহ আল মামুন, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ। আলোচকেরা বলেন, দুর্নীতি রোধ নাহলে কোনো খাতেই কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। কৃষি খাতে বরাদ্দ বাড়ানো ও পণ্যের ন্যায্যমূল্য দেওয়া, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, সবার জন্য খাদ্য নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। এ ছাড়া যুবদের উন্নয়নে যুব ব্যাংক প্রতিষ্ঠা ওপর জোর দেন তাঁরা।
ভার্চ্যুয়াল সংলাপে সঞ্চালক হিসেবে ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী।