বাজেটে জলবায়ু খাতে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে টিআইবি
প্রস্তাবিত জাতীয় বাজেটে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে (বিসিসিটিএফ) তহবিল বরাদ্দ না করায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাজেট প্রস্তাব চূড়ান্ত করার আগেই বিসিসিটিএফে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে টিআইবি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স ফান্ডে (বিসিসিআরএফ) তহবিল বরাদ্দের দাবি জানিয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সরকার পর পর গত চার অর্থবছর ধরে নিজস্ব জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ দিয়ে বিসিসিটিএফ গঠনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের সদিচ্ছার প্রমাণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় ও আন্তর্জাতিক বিবেচনায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে বিসিসিআরএফে শিল্পোন্নত অ্যানেক্স-১ ভুক্ত দেশগুলো থেকে তহবিলপ্রাপ্তির যৌক্তিক ভিত্তিকে সুদৃঢ় করেছে।’
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে বিসিসিটিএফ তহবিলে মোট দুই হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে বিসিসিটিএফে তহবিল বরাদ্দ না করায় আমরা বিস্মিত।
টিআইবির পক্ষ থেকে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কমপক্ষে ২০১৩-১৪ অর্থবছরের সমপরিমাণ তহবিল বরাদ্দ করার দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, টিআইবি মনে করে, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে যত বেশি অঙ্গীকার ও সক্ষমতা প্রদর্শনে সক্ষম হবে, বাংলাদেশে জলবায়ু তহবিলের প্রাপ্যতা ততোধিক নিশ্চিত হবে।