বাজেটে তামাকের ওপর কর বাড়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে তামাকের ওপর কর বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷ গতকাল শনিবার সকালে মাদকবিরোধী সংগঠন ‘মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা’ (মানস) আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘তামাকের ওপর কর বাড়াও, রোগ-মৃত্যুর হার কমাও’ এ বছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য৷ তিনি এ প্রসঙ্গে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের বক্তব্যকে ‘ভুল তথ্য’ বলেন৷ বাণিজ্যমন্ত্রী বলেন, ৯০ জন সাংসদ তামাকের ওপর কর বৃদ্ধি না করতে এমন চিঠি দিতে পারেন না।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে গত রাতে চেষ্টা করেও এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, তিনি ধূমপান করা ছেড়ে দিয়েছেন৷ কিছুদিন আগে সিলেটের এক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানের মঞ্চে নিজের প্রকাশ্যে ধূমপানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সামনে কী বলব সেই চিন্তার খোরাক হিসেবে ধূমপান করেছিলাম।’
মানসের প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক অরূপ রতন চৌধুরী বলেন, তাই তামাকের ব্যবহার কমাতে কর বাড়াতে হবে এবং এর বিপদ সম্পর্কে সতর্কবাণী প্রচার করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানস অধূমপায়ী ব্যক্তিত্ব পদক প্রদান করা হয়। এবারের পদকপ্রাপ্তরা হলেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ ও চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানের উপস্থাপক জিল্লুর রহমান।
‘প্রত্যাশা’র মানববন্ধন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলেও সে হারে বৃদ্ধি পাচ্ছে না তামাকজাত দ্রব্যের দাম। তামাক ব্যবহার হ্রাসে আসন্ন বাজেটে এর ওপর উচ্চহারে কর আরোপ করা জরুরি৷ গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বক্তারা৷
বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও ‘প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ এতে সভাপতিত্ব করেন৷