২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে কয়েকটি বাম রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল শুক্রবার পৃথক কর্মসূচি ও বিবৃতিতে এসব দল ও সংগঠন বলেছে, এই বাজেটে কেবল ধনী ও লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করা হয়েছে।প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আশরাফ হোসেন। সমাবেশে বক্তারা বলেন, এই বাজেট কালোটাকার মালিক ও লুটেরা ধনীদের স্বার্থ রক্ষাকারী। এই বাজেট তাঁরা মানেন না। বাজেটে জিডিপি যে হারে অর্জনের কথা বলা হয়েছে, তা অর্জন প্রায় অসম্ভব।গণতান্ত্রিক বাম মোর্চার এক সভায় বলা হয়েছে, প্রস্তাবিত বাজেট ধনী-দরিদ্রের বৈষম্য আরও বাড়াবে। বাজেটে নানা আশাবাদ আছে। কিন্তু বাস্তবায়নের সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। তোপখানা রোডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোর্চার সমন্বয়ক বজলুর রশীদ।শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেছে। স্কপের নেতা রায় রমেশ চন্দ্র, জাফরুল হাসান, ওয়াজেদুল ইসলাম খান প্রমুখের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের কল্যাণে কোনো প্রতিফলন নেই।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবৃতিতে বলেন, বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-সংকটের সমাধান ও মুদ্রাস্ফীতি জর্জরিত সাধারণ মানুষের জন্য কোনো সুখবর দিতে পারেনি।ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও সাধারণ সম্পাদক এনামুল হক এক বিবৃতিতে বলেন, এই বাজেট গরিব ও সাধারণ মানুষের স্বার্থপরিপন্থী। বাজেটে নতুনত্ব নেই। করের আওতা বাড়ানোর কারণে গরিব মানুষের দায়দেনা বাড়বে।বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, ঘোষিত বাজেট লুটপাটের ধারাকে অব্যাহত রাখবে। কালোটাকা সাদা করার সুযোগ রাখার ফলে লুণ্ঠন ও অনৈতিকতা উৎসাহিত হবে।গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন এক বিবৃতিতে বলেন, এই বাজেটের ফলে দেশের ৯০ শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে; লুটেরা, ধনী আর কালোটাকার মালিকেরা লুটপাটের সুযোগ পাবে।