বাজেটে নারীর জন্য বরাদ্দ মূল্যায়নের প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেন্ডার বাজেটের মূল উদ্দেশ্য নারীরা যেসব ক্ষেত্রে বৈষম্য বা চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা হ্রাস করে নারীর উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য বাজেট নারীর ক্ষমতায়নে কতটুকু বা কী ভূমিকা রাখছে, বরাদ্দ সঠিক খাতে হচ্ছে কি না, এসব বিষয়ের মূল্যায়ন প্রয়োজন।
গতকাল শনিবার ‘জেন্ডার বাজেট প্রণয়ন: পরিবীক্ষণ ও মূল্যায়ন’ শিরোনামের বাজেট-পরবর্তী এক আলোচনা সভায় আলোচকেরা এসব কথা বলেন। নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।
আলোচকেরা আরও বলেন, বাজেটের বরাদ্দ বেড়েছে, কিন্তু তাতে নারী কতটা উপকৃত হচ্ছেন, সে বিষয় স্পষ্ট নয়। নারীদের উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে—এ রকম অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের বাজেটের ফলাফল মূল্যায়ন করা উচিত। তা ছাড়া বরাদ্দের ক্ষেত্রেও কোনো ধরনের নিরীক্ষণ করা হয় না। বেশির ভাগ সময় অনুমাননির্ভর বাজেট প্রণয়ন করা হয়। এতে বাজেটটি কতটুকু ফলপ্রসূ হয়, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মী। তিনি জানান, এবার ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগ জেন্ডার বাজেট পেশ করেছে। আর মোট বাজেটে ২৭ দশমিক ৯৯ শতাংশ নারীর জন্য বরাদ্দ। পাশাপাশি ৩২টি মন্ত্রণালয়ে বরাদ্দের পরিমাণ বাড়লেও কমেছে সাতটিতে।
শরমিন্দ নিলোর্মী বলেন, বাজেট হচ্ছে, কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে, তা মূল্যায়ন জরুরি। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০টি উপজেলার ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৬ লাখ টাকা। মাথাপিছু দেড় লাখের কিছু বেশি। এই টাকায় অবকাঠামো উন্নয়ন, চিকিৎসকের বেতনসহ কতটুকু উন্নয়ন সম্ভব, সেটা ভেবে দেখা দরকার।
বাংলাদেশ জেন্ডার গ্যাপ অনেকটাই পূরণ করতে পেরেছে উল্লেখ করে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, একজন নারী দিনের এক-তৃতীয়াংশ সময় চুলার পাশে থাকেন। এতে তাঁর পাশাপাশি সন্তানেরও স্বাস্থ্যের ক্ষতি হয়। নারীদের সত্যিকার অর্থে উন্নতি হয়, এমন কিছু বাজেটে থাকা প্রয়োজন।
বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ বলেন, নারীর ক্ষমতায়নের জন্য ঘরের কাজে পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কারণ নারীকে অর্থনীতিতে অবদান রাখতে গিয়ে ঘরে-বাইরে সমান দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, যা তাঁর জন্য বোঝাস্বরূপ।
সংগঠনটির সহসভাপতি রেখা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ডিবিসি চ্যানেলের বার্তা সম্পাদক প্রণব সাহা, ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর এফ এইচ এম হুমায়ুন কবীর প্রমুখ।