আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নারীর জন্য বরাদ্দ কমে গেছে। যেটুকু বরাদ্দ হয়েছে, তার মধ্যেও রয়েছে আবার শুভঙ্করের ফাঁকি। অর্থাৎ কোনো বরাদ্দই সুনির্দিষ্ট করা নেই। কোন প্রকল্পে কত টাকা ব্যয় করা হবে, তার কিছুই উল্লেখ নেই বাজেটে। তবে ১০টি মন্ত্রণালয়ের মাধ্যমে জেন্ডার বাজেট প্রণয়নের বিষয়টি অবশ্যই সরকারের ইতিবাচক পদক্ষেপ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘ঘোষিত জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীলতা’ শীর্ষক বাজেট-উত্তর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন। স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।আলোচনায় প্যানেল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শারমিন্দ নীলোর্মী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটির প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক গৌর গোবিন্দ গোস্বামী। মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম সভা পরিচালনা করেন।স্বাগত বক্তব্যে মালেকা বানু বলেন, ১০টি মন্ত্রণালয়ের মাধ্যমে জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়নে সরকারের এগিয়ে আসা অবশ্যই ইতিবাচক দিক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও এই যাত্রা অব্যাহত থাকবে। নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে এই বাজেট ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।মূল প্রবন্ধে বলা হয়, প্রস্তাবিত বাজেটে নারীর জন্য বরাদ্দ কমে গেছে। যেটুকু রয়েছে, তারও আবার খাতওয়ারি দিকনির্দেশনা নেই। এবার জেন্ডার বাজেট নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে সংসদে। কিন্তু জেন্ডার বাজেট করলেই অর্থনীতির মূল ধারায় নারীর সম্পৃক্তি ঘটবে না। নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। অ-আর্থিক কাজের মাধ্যমে নারী অর্থনীতি ও সমাজে যে অবদান রাখছে, তার মূল্যায়নের পাশাপাশি নারী সংবেদনশীল বাজেটকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ করতে হবে।মাহবুব হোসেন বলেন, জেন্ডার বাজেট যে অন্তত হচ্ছে, এটাই ইতিবাচক। তবে গতবারের তুলনায় ১০০ কোটি টাকা বরাদ্দ কমে যাওয়ার কথা উল্লেখ বাজেটে নারীর জন্য বরাদ্দের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মনে করেন তিনি।এম এম আকাশ বলেন, ‘দুর্বল বলে সহযোগিতা করতে হবে সেই জায়গা থেকে সরে এসে নারীকে বলতে হবে যে অর্থনীতিতে অবদান রাখছি, যৌক্তিক বরাদ্দ আমাদের অধিকার। তবে বরাদ্দের বদলে আইন ও প্রতিষ্ঠান তৈরির দাবিটা এখন বেশি জরুরি।’সেলিমা আহ্মাদ বলেন, নারীর জন্য বেশির ভাগ বরাদ্দ রাখা হয় প্রশিক্ষণ খাতে। কারণ, এ খাতে কোনো তদারকি হয় না এবং বেশি পরিমাণে চুরি করা যায়। বরাদ্দ সুনির্দিষ্ট করা দরকার বলে তিনি মনে করেন।আয়শা খানম বলেন, বাজেটে বরাদ্দ হওয়া উচিত রাজনৈতিক দর্শনের ভিত্তিতে। নারী উন্নয়নে অর্থনৈতিক নীতিতে হাত দেওয়ার সময় এসেছে। জেন্ডার বাজেট এখন বৈশ্বিক বিষয় বলে উল্লেখ করেন তিনি। শারমিন্দ নীলোর্মী বলেন, নারীর জন্য বরাদ্দটা কোথায়—বাজেটে তার কোনো স্পষ্টতা নেই। এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ মাত্র পাঁচ কোটি টাকা—বিষয়টি নিতান্তই হাস্যকর।