বাজেটে পরিবেশ ও জলবায়ু খাতে পরিকল্পনাভিত্তিক বরাদ্দ চায় বাপা
আসন্ন বাজেটে পরিবেশ ও জলবায়ু খাতে পরিকল্পনাভিত্তিক বরাদ্দ চেয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই সঙ্গে বরাদ্দের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনটি। গতকাল রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি ও বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। ‘আসন্ন জাতীয় বাজেট (২০১২-১৩) ও পরিবেশ ভাবনা’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন। তিনি বলেন, বাজেটে পরিবেশ রক্ষায় যথেষ্ট বরাদ্দ দিলেই হবে না। পরিবেশবিরোধী তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। ছিটেফোঁটা অপরিকল্পিত প্রকল্প দিয়ে শুধু অর্থের অপচয় না করে, পরিবেশের সঙ্গে সম্পর্কিত পানি, নদী, বন, জ্বালানি, পরিবহন, কৃষি, দুর্যোগব্যবস্থাপনাসহ সার্বিক জাতীয় নীতিমালার পুনর্মূল্যায়ন এবং সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে বাপার সভাপতি এ এস এম শাহজাহান বলেন, ‘আমরা চাই বাজেটে পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক। কারণ, পরিবেশ আমাদের অস্তিত্ব, নিঃশ্বাস ও সুস্থভাবে বেঁচে থাকার সঙ্গে জড়িত। তাই আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থে পরিবেশ খাতে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে। পাশাপাশি বরাদ্দ অর্থের স্বচ্ছ ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’ বাপার সহসভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, ‘যখন আমরা লক্ষ করি, একদিকে পরিবেশ রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি, অন্যদিকে কিছু সুবিধাভোগী বিশেষ মহলের সহযোগিতায় দেশের নদী-খাল-জলাশয় দখল ও দূষণ, বনভূমি ধ্বংসসহ পরিবেশবিধ্বংসী অপকর্ম অবলীলায় চালিয়ে যেতে থাকে, তখন আমরা হতাশ হই। এতে সরকারের আন্তরিকতা নিয়েও জনমনে প্রশ্ন জাগে। তাই পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।’ বাপার নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক এ এম মুয়াজ্জেম হুসাইন বলেন, ‘উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা যাবে না। আমাদের ছোট দেশ, কিন্তু বিশাল জনগোষ্ঠী। প্রাকৃতিক এ বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।’