বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি খুলনাবাসীর
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে৷ বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নগরের পিকচার প্যালেস মোড়ে গতকাল রোববার সকালে এই কর্মসূচিতে অংশ নেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালিত হয়৷ কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এস এম মঞ্জুর-উল-আলম, আয়কর আইজীবী সমিতির সভাপতি এস এম দাউদ আলী, শ্রমিকনেতা নিজামউর রহমান, সিপিবি নেতা মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা শেখ মফিদুল ইসলাম প্রমুখ৷
এতে বক্তারা বলেন, বাজেটে প্রতিবছর খুলনাকে বঞ্চিত করা হচ্ছে৷ এ বঞ্চনার কবল থেকে খুলনাবাসী কবে মুক্তি পাবে তা অনিশ্চিত৷ এর হাত থেকে খুলনাকে রক্ষা করতে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন৷
বক্তারা পর্যাপ্ত বরাদ্দ দিয়ে খুলনায় আধুনিক রেলস্টেশন স্থাপন, খুলনা-দর্শনা ডবল রেললাইন নির্মাণ, পাইপলাইনে গ্যাস সঞ্চালন ও সরবরাহ, মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন, বিমানবন্দর নির্মাণ, শিল্পকলা একাডেমী ও জেলা স্টেডিয়াম সংস্কার, ক্যাডেট কলেজ ও মেরিন একাডেমি স্থাপন, বন্ধ কল-কারখানা চালু করাসহ বিভিন্ন দাবি জানান৷