বাজেটে পানি-স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি,স্যানিটেশন ও হাইজিন খাতে গ্রা​ম-শহরের বৈষম্য দূর করে সুনির্দিষ্ট প্রকল্পের ভিত্তিতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে ওয়াটার​ এইড বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে গত নয় বছরের এ খাতে বাজেটের তুলনামূলক চিত্র তুলে ধরেন ওয়াটার এইড বাংলাদেশের​ নী​তি ও পরামর্শক বিভাগের প্রধান শামীম আহমেদ।
তিনি বলেন,২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে পানি,স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দে ক্ষেত্রে গ্রাম-শহরের বৈষম্য গত অর্থবছরের তুলনায় ৮শতাংশ বেড়েছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকা,উপকূল ও পার্বত্য এলাকায় এ খাতে বরাদ্দ প্রায় শূন্যের কাছাকাছি।এ বৈষম্য প্রকট বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ওয়াটার এইড বাংলাদেশের এ দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম বলেন,সন্দেহ নেই সব মাপকাঠিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু ধনী-গরিবের বৈষম্য কমছে না।এ পার্থক্য যত কম থাকে,তত ভালো।
খায়রুলের ভাষ্য, ঢাকায় ওয়াসার ১০০০ লিটার পানির দাম মাত্র ৭ টাকা ৮০ পয়সা, কিন্তু খুলনার পাইকগাছা, মংলাসহ ওই সব অঞ্চলের লোকদের ৩৫০গুণ ​বেশি দামে পানি কিনতে হয়।তাই এ বৈষম্য কমাতে এ খাতে বাজেটের বরাদ্দ বাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রা​খেন হিউম্যান ​ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের পরামর্শক অভিজিৎ​ পোদ্দার, ইউনি​সেফের প্রতিনিধি মনিরুল আল​ম প্রমুখ।