বাজেটে পোশাক খাতে কর বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটে পোশাক খাতে কর কিছুটা বাড়তে পারে। আগের মতো নগদ সহায়তা আর নাও পেতে পারে এই খাত। রাজধানীতে গতকাল শুক্রবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থসচিব মাহবুব আহমেদ এমন ইঙ্গিত দিয়েছেন। বিআইডিএসের কার্যালয়ে এ আলোচনা হয়।
‘বাজেট ২০১৫-১৬: কিছু নির্বাচিত বিশ্লেষণ’ শীর্ষক এ আলোচনায় সঞ্চালক ছিলেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ। সভায় বিআইডিএসের চার গবেষক মূল্যস্ফীতি, রপ্তানি খাতে রাজস্ব সুবিধা, পৌরসভার সম্পদ আহরণ ও অনুদান বরাদ্দ এবং সরকারের অর্থায়ন নিয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ পোশাকসহ কিছু খাতের নগদ সহায়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমাদের যেহেতু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তাই প্রতিষ্ঠিত শিল্পগুলোকে নগদ সহায়তার বিষয়টির পর্যালোচনা করা দরকার।’ নগদ সহায়তার ৫০ শতাংশই পোশাক খাতে দেওয়ার তথ্য তুলে ধরে তিনি সহায়তার ক্ষেত্রে সম্ভাবনাময় খাতকে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দেন।
পোশাক খাতের কাছ থেকে এখন কিছু আদায়ের সময় এসেছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এত দিন পোশাক খাতকে শুধু দিয়ে এসেছি। এখন কিছু নিতে হবে।’
পোশাক খাতের উৎসে কর (সোর্স ট্যাক্স) বর্তমানে শূন্য দশমিক তিন শতাংশ। আগে ছিল শূন্য দশমিক আট শতাংশ। অর্থমন্ত্রী বলেন, নানা সমস্যার কারণে এই কর কমানো হয়েছিল। ভবিষ্যতে বাড়ানো গেলে এই খাত থেকে ভালো একটা আদায় বাড়বে। অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, ‘পোশাক খাতের নগদ সহায়তায় পরিবর্তন আসবে। বর্তমানে যাঁরা যেভাবে পাচ্ছেন, ওভাবে আর পাবেন না।’
মূল্যস্ফীতির প্রভাব বিষয়ে বিআইডিএসের আরেক জ্যেষ্ঠ গবেষণা ফেলো মনজুর হোসেন তাঁর প্রবন্ধে বলেন, এতে সবচেয়ে বিপদে থাকেন দিনমজুর ও অল্প বেতনের কর্মচারীরা। বিদ্যমান বয়স্ক ও বিধবা ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব দেন তিনি। তিনি বলেন, প্রচলিত ধারণা হচ্ছে, মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলার কাজটি বাংলাদেশ ব্যাংকের এবং একান্তই মুদ্রানীতির বিষয়। মোটেও তা নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্বনীতি ও মুদ্রানীতির মধ্যে বরং সমন্বয় থাকা জরুরি। বয়স্ক ভাতার পরিমাণ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নামমাত্র। এটা বোঝানোর জন্য যে তোমাকে একেবারে ভুলে যাওয়া হয়নি। তোমার পাশে কেউ আছে।’
আগামী অর্থবছরের অর্থায়ন বিষয়ে বিআইডিএসের গবেষক আবুল বাসার তাঁর প্রবন্ধে জানান, বাজেটের আকার আবারও বৃদ্ধি করা উচিত। পাঁচ বছরে গড়ে বাজেটের আকার বেড়েছে ১৮ শতাংশ। অথচ মূল্যস্ফীতি বিবেচনায় নিলে এই বৃদ্ধি মূলত ১০ শতাংশ। অরাজস্ব ও বৈদেশিক খাত থেকে অর্থায়ন বৃদ্ধির পরামর্শ দিয়ে তিনি জানান, জাতীয় সঞ্চয়ের এক-তৃতীয়াংশ ব্যাংকে জমা পড়ে। বাকিটা চলে যায় অপ্রাতিষ্ঠানিক খাত ও ফাটকা ব্যবসায়। প্রবাসী-আয়কে (রেমিট্যান্স) জামানত রেখে বিশ্ব পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের শিক্ষক স্বপন আদনান মুক্ত আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘যে হারে ব্যাংক লুট হচ্ছে এবং আইনি পদ্ধতিতে হচ্ছে, এর কোনো জবাবদিহি নেই, শাস্তি নেই। একদিকে রেমিট্যান্স আসছে বলছি, অন্যদিকে মানি লন্ডারিং হচ্ছে। এ যেন কল ছেড়ে পানি নিচ্ছি, কিন্তু কলসিটা ফুটো।’ কর বাড়ালে ভোট পাওয়া যাবে না—সরকার এমন আশঙ্কা করে কি না, জানতে চেয়ে অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমানে ভোটের যে অবস্থা, এমন আশঙ্কার আদৌ দরকার আছে কি না।’
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল, বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক কে এম আসাদুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।