বাজেটে পোলট্রি খাতে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এবারের বাজেটে কৃষির মতো পোলট্রি খাতে সরকারের ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে দেশেও তেলের দাম কমানো হবে। মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়ন পরিষদ মাঠে বুধবার রাতে কয়েক হাজার কৃষকের উপস্থিতিতে চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষ আয়োজিত ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে কৃষকেরা বাজেটে তাঁদের প্রত্যাশা, চাহিদা ও কৃষিক্ষেত্রের সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া কৃষকেরা ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কৃষিতে ভুর্তকি নয়—নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান। এ সময় কৃষকেরা বলেন, কৃষিতে ভর্তুকি থাকলেও পোলট্রি ও মৎস্য খাতে কোনো ভর্তুকি নেই। এবারের বাজেটেই এ খাতে তাঁরা ভর্তুকির দাবি জানান। কৃষকেরা সরকারিভাবে প্রয়োজনীয় উন্নত ও ভালো শস্যবীজ বিতরণেরও দাবি জানান।মন্ত্রী আব্দুর রাজ্জাক কৃষকদের প্রশ্নের জবাবে বলেন, বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করা হবে। বিএডিসির ভালোমানের বীজ ভবিষ্যতে কৃষকেরা যাতে পায়, তার জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনে কার্যকর পদক্ষেপ নেবে। অনুষ্ঠানটি কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ, জেলা পরিষদ প্রশাসক গোলাম মহিউদ্দীন, পুলিশ সুপার মোহামঞ্চদ আলী মিয়া, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুন-উর রশীদ, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অসীম কুমার দাশ, জেলা মৎস্য কর্মকর্তা দয়াল চন্দ্র পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কুমার নাগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম মোস্তফা প্রমুখ।