
আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি তাঁদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে উৎপাদনশীলতার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ ছাড়া প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যবিধি (রুলস অব বিজনেস) সমন্বয় করা উচিত।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৪-১৫’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রতিবন্ধী উদ্যোক্তা তৈরির জন্য একটি বিশেষ তহবিল গঠনের সুপারিশ করেন বক্তারা। শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহজে চলাচলের জন্য ভৌত অবকাঠামো বা র্যাম্প তৈরির ওপরও জোর দেন তাঁরা।
বেসরকারি সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, প্রতিবন্ধীরা কিছু করতে পারেন না—এই ধারণা ঠিক নয়। তাঁদের মেধা কোনো অংশে কম নয়। যোগ্যতা থাকলে ওপরে উঠতে পারেন তাঁরা। পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে প্রতিবন্ধীরা এগিয়ে যেতে পারছেন না। তাঁদের প্রতি নজর দেওয়া উচিত। তাঁর মতে, সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে (সিএসআর) অনেক ক্ষেত্রে দরিদ্রদের খুব বেশি কাজে আসে না। কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক সুবিধা নিতে বেশি আগ্রহী হয়।
মসিউর রহমান মনে করেন, প্রতিবন্ধীদের কল্যাণে মন্ত্রণালয়গুলোর কার্যবিধি কোনো সমস্যা নয়। প্রতিবন্ধীদের বিষয়টি মাথায় রেখে প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ কাজটি সঠিকভাবে করলেই হয়। তা ছাড়া প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি একীভূত ব্যবস্থায় আনা উচিত।
প্রতিবন্ধীদের অনুদান দিলে সেই টাকায় কর অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি মত দেন, প্রতিটি মন্ত্রণালয়ের বরাদ্দের একটি অংশ প্রতিবন্ধীদের জন্য যাতে খরচ হয়, সেই নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী, যাতে প্রতিবন্ধীরা উৎপাদনশীল খাতে সম্পৃক্ত হতে পারেন। তিনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতিবছর টাকার পরিমাণ বাড়লেও জিডিপির অনুপাতে কমছে। এই অবস্থার পরিবর্তন দরকার। সামাজিক নিরাপত্তায় জিডিপির ১০ থেকে ১৫ শতাংশ ব্যয় করা উচিত।
সাংসদ কাজী রোজী বলেন, ‘প্রতিবন্ধীদের চাওয়া ও পাওয়ার মধ্যে ব্যবধান কমাতে হবে। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা জানেন, কীভাবে সরকারকে বললে প্রতিবন্ধীদের দাবিগুলো পূরণ করা সম্ভব হবে। আশা করি, তিনি তা করবেন।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি মনে করেন, প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে না পারলে একীভূত সমাজ গঠন করা সম্ভব নয়। বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানো উচিত৷ তাঁর মতে, সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে খরচ করতে হবে।
প্রতিবন্ধীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির জন্য বাজেটে একটি বিশেষ তহবিল গঠনের সুপারিশ করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন সি এম তোফায়েল সামি। এতে কর্মসংস্থানের পাশাপাশি প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা ও ক্ষমতায়ন হবে৷
দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেন, প্রতিবন্ধীদের জন্য আলাদা বাজেট নয়। প্রতিটি মন্ত্রণালয়ে তাঁদের জন্য বরাদ্দ রাখতে হবে। এতে সবার বাজেট হবে। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ দেওয়া যেতে পারে। প্রতিটি বিপণনকেন্দ্রে অন্তত পাঁচটি দোকান প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখার সুপারিশ করেন তিনি।
অ্যাকশনএইড বাংলাদেশের নির্বাহী পরিচালক ফারাহ কবির জানান, জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণাঞ্চলের লবণাক্ত পানির কারণে গর্ভবতী মায়ের রক্তচাপ বেড়ে যাচ্ছে, এক্লাম্পশিয়া রোগের প্রকোপ বাড়ছে। তিনি মনে করেন, বাজেটে শুধু বরাদ্দ বাড়াতে হবে, তা নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ও বাড়ানো দরকার। তিনি প্রতিবন্ধীদের সুবিধার্থে সব টিভি চ্যানেলে ইশারা ভাষা ব্যবহারের সুপারিশ করেন।
বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (পিএটিসি) কোর্সে প্রতিবন্ধীদের বিষয়ে পড়ানো উচিত বলে মনে করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা জুলিয়ান ফ্রান্সিস। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের জন্য শিক্ষা খাতে আরও বরাদ্দ বাড়ানো উচিত।
গণমাধ্যমে প্রতিবন্ধীদের ওপর আরও বেশি করে প্রতিবেদন প্রকাশ বা সম্প্রচারের ওপর জোর দেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন মহুয়া পাল।
নিজের কর্ম অভিজ্ঞতার বর্ণনা দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী তথ্যপ্রযুক্তিবিদ ও ইসপার প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর ভট্টাচার্য বলেন, ১০ লাখ টাকা খরচ করলে প্রথম থেকে পঞ্চম শ্রেিণ পর্যন্ত সব বই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীদের পাঠ-উপযোগী করা হয়েছে। ২৫ লাখ টাকা খরচ করলেই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব বই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীদের পাঠ-উপযোগী করা সম্ভব। কপিরাইট উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, কপিরাইট উন্মুক্ত করে দেওয়া সম্ভব। ভাস্কর ভট্টাচার্য জানান, ভারতে ১০ হাজার প্রতিবন্ধী তথ্যপ্রযুক্তিবিদ রয়েছেন। বাংলাদেশেও সুযোগ রয়েছে প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তিবিদ বানানোর।
বেসরকারি সংস্থা সিএসআইডির নির্বাহী পরিচালক জহুরুল আলম চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের নিয়ে সরকারের কোনো গবেষণা নেই। কীভাবে প্রতিবন্ধীদের শিক্ষা দিতে হবে—এ বিষয়ে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের একটি গবেষণা আছে।
প্রতিবন্ধীবিষয়ক মানবাধিকারকর্মী মনসুর আহমেদ চৌধুরী বলেন, প্রতিবন্ধিতা কখনো দূর হবে না। চিকিৎসাবিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন, সব সমাজেই প্রতিবন্ধিতা থাকবে। তবে প্রতিবন্ধীদের মৌলিক সুবিধাগুলো দেওয়ার প্রচেষ্টা চালাতে হবে।
বেসরকারি সংস্থা এডিবি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এম নুরুন নবী বলেন, ‘যতই আইন করি না কেন, যদি মন্ত্রণালয়গুলোর কার্যবিধি তৈরি না হয়, তবে কোনো অগগ্রতি হবে না। এ ছাড়া প্রতিবন্ধীদের প্রতি রাষ্ট্র ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।
বিগত কয়েক বছরে প্রতিবন্ধীদের সুবিধাগুলো বাড়েনি উল্লেখ করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বেশ কিছু বাজেট প্রস্তাব দেন। এর মধ্যে অন্যতম হলো: প্রতিবন্ধী ক্ষুদ্র উদ্যোক্তা তহবিল গঠন, ভূমিহীন প্রতিবন্ধীদের খাসজমি বরাদ্দ, অসচ্ছল প্রতিবন্ধীদের মাসিক ভাতা কমপক্ষে ৫০০ টাকা এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণ কারিকুলামে ইশারা ভাষা ও ব্রেইল অন্তর্ভুক্ত করা, দৃষ্টি ও শ্রবণ-উপযোগী ডিজিটাল বই তৈরি।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন প্রতিবন্ধী উদ্যোক্তা তাহমিনা আকতার, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক, িসডট্রাস্টের নির্বাহী পরিচালক দিলার সাত্তার, এসডিএসএলের চেয়ারম্যান ওসমান খালেদ প্রমুখ।