খুলনা সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস। এ ছাড়া শহরের জলাবদ্ধতা দূর, দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার ও খনন এবং নালা ব্যবস্থাপনার উন্নয়ন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
গতকাল বুধবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে নাগরিকদের সঙ্গে সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রাক্-বাজেট মতবিনিময় সভা হয়। সেখানেই ভারপ্রাপ্ত মেয়র এসব প্রতিশ্রুত দেন।
বেসরকারি সংস্থা রূপান্তর ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নাগরিক ফোরাম-খুলনা এ মতবিনিময় সভার আয়োজন করে।
আসন্ন সিটি করপোরেশনের বাজেটে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেন আনিছুর রহমান বিশ্বাস। তিনি বলেন, নতুন কোনো কর আরোপ না করে উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হবে।
অনুষ্ঠানে নাগরিক ফোরামের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা পেশ করা হয়। এর মধ্যে রয়েছে ওয়ার্ডভিত্তিক শিশুপার্ক নির্মাণ, পুকুর খনন, কাঁচাবাজারের স্থান নির্ধারণ, ফুটপাত পরিষ্কার ও অবৈধ স্থাপনা অপসারণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, পদচারী সেতু নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা।
নাগরিকদের প্রশ্নের মুখে ভারপ্রাপ্ত মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আসছে বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে। এ ছাড়া শহরের বাইরের বিস্তীর্ণ এলাকা শহরের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রস্তাবিত এলাকা একীভূত হলে বর্ধিত অংশে পরিকল্পিত নগর গড়ে তুলতে আগামী ১০০ বছরের জন্য একটি মহাপরিকল্পনা প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আনিছুর রহমান বিশ্বাস বলেন, খুলনাকে পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে নালা ব্যবস্থাপনার উন্নয়ন ও জলাবদ্ধতা সংকটের স্থায়ী সমাধান করতে হবে।
নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) গোকুল কৃষ্ণ ঘোষ।