বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নে আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল শনিবার রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি জানায়।গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁরা উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নসহ ছয় দফা দাবি জানান। তাঁদের অন্য দাবিগুলো হলো: পদ্মা নদীকে রক্ষা করার জন্য গঙ্গা ব্যারেজ নির্মাণ, রাজশাহীর চিকিৎসাসেবার উন্নয়ন, গৃহস্থালিসহ শিল্প এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত, নগরে টাউন সার্ভিস বাস চালু ও রাজশাহীতে টেস্ট ক্রিকেট ভেন্যু বাস্তবায়ন করা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, রাজশাহীর উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এ অঞ্চল ক্রমেই মরুকরণ প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে। তাই বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করে এ অঞ্চলের কৃষিকে রক্ষা করতে হবে। সাংসদ ফজলে হোসেন রাজশাহীর সব বন্ধ কলকারখানা চালু করার দাবি জানান। তিনি বলেন, রাজশাহীর চিকিৎসাসেবার উন্নয়নে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করতে হবে।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, সেচের জন্য গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন হলে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের কারণে সেই আশঙ্কা থাকবে না। এটি বাস্তবায়ন না হলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগামী ১০-১২ বছরের মধ্যে নলকূপ অকেজো হয়ে যাবে। মানববন্ধন চলাকালে আওয়ামী লীগের নেতা বজলার হোসেন, তসলিমা হোসেন, কাউন্সিলর বেলাল আহমদ, নারীনেত্রী কল্পনা রায় প্রমুখ বক্তব্য দেন।