বাজেটে বৃদ্ধির গুজব ছড়িয়ে বেশি দামে সার বিক্রি
বাজেটে দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে ও বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে ডিলাররা বেিশ দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন বাজার ঘুরে বেশি দামে ইউরিয়া বিক্রির সত্যতা পাওয়া গেছে৷
এদিকে তীব্র খরার কারণে দক্ষিণাঞ্চলে এবার ইরি ও আউশ আবাদ দেরিতে শুরু হওয়ায় বর্তমানে ইউরিয়ার চাহিদাও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে৷
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম বলেন, বাজেটে নতুন করে সারের ওপর কোনো ধরনের করারোপ করা হয়নি৷ আমতলী ও তালতলী উপজেলার ১৪ জন বিসিআইসির ডিলার গত মে মাসে ২২০ মেট্রিক টন ইউরিয়া তুলেছেন৷ চলতি জুন মাসেও আরও ১০০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে৷ সারের সংকট দেখিয়ে দাম বেশি রাখা হলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
কৃষকেরা জানান, এমনিতেই দেরিতে চাষাবাদের কারণে বোরো ও আউশ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ তার ওপর সারের সংকট দেখা দিলে তাঁরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন৷
গত সোমবার দুপুরে আমতলী উপজেলার মহিষকাটা, আড়পাঙ্গাশিয়া, তালুকদার বাজার, বগী ও তালতলী উপজেলার পচাকোড়ালিয়া, তালতলী বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারের সাব-ডিলাররা সরকার-নির্ধারিত ১৬ টাকা কেজি দরের ইউরিয়া ১৮ টাকায় বিক্রি করছেন৷ আর ৮০০ টাকার প্রতি বস্তা (৫০ কেজি) ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার জানান, বিসিআইসির ডিলাররা সাব-ডিলারদের কাছে সার বিক্রির সময় রসিদ দিচ্ছেন ৭৭৫ টাকা৷ কিন্তু মূল্য রাখছেন ৮১৫ টাকা৷ এ জন্য খুচরা সার বিক্রিতে অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে৷
কয়েকজন সাব-ডিলার জানান, বিসিআইিসর নিযুক্ত ডিলাররা নতুন বাজেটে সারের ওপর করারোপের অজুহাত দেখিয়ে বস্তাপ্রতি প্রায় ৫০ টাকা অতিরিক্ত নিচ্ছেন৷ অতিরিক্ত মূল্য দিতে অপারগতা প্রকাশ করলে ডিলাররা সার দিতে চান না৷ ব্যবসা টিকিয়ে রাখতে বাধ্য হয়েই তাঁরা অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনে আনছেন৷ এতে সাব-ডিলাররা খুচরা বাজারে বস্তাপ্রতি ১০০ থেকে ১২৫ টাকা বেিশ রেখে সার বিক্রি করতে বাধ্য হচ্ছেন৷
আমতলীর ঘটখালী গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন বলেন, সোমবার তিনি স্থানীয় ঘটখালী বাজারের একজন সাব-ডিলারের কাছ থেকে পাঁচ কেজি সার ১০০ টাকা দিয়ে কিনেছেন৷
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ জানান, অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।