বাজেটে যৌন ও প্রজনন অধিকারকে গুরুত্ব দিতে হবে
কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে এখন পর্যন্ত একধরনের গোপনীয়তা বজায় রাখা হয়। অথচ এটি কোনো চয়েজ বা পছন্দ নয়। এটি একটি অধিকার। তাই সরকারের পরিকল্পনা ও বাজেটে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। কিশোর–কিশোরীদের পাশে সবাইকে সমন্বিতভাবে দাঁড়াতে হবে।
আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক ‘সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস’ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বে আলোচকেরা এ কথা বলেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে সুইডেন ও নেদারল্যান্ডস দূতাবাস, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। স্বাস্থ্য মন্ত্রণালয় এ সম্মেলনে পার্টনার হিসেবে আছে। এনজিও আরএইচস্টেপ এতে সচিবালয়ের ভূমিকা পালন করছে। এ সম্মেলনকে জ্ঞান বিতরণের মেলাও বলা হয়েছে। সম্মেলনে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে কর্মরত সরকারি–বেসরকারি প্রতিনিধি, গবেষকসহ বিভিন্ন পেশা–শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। সেমিনার বা আলোচনা সভার পাশাপাশি বাংলা একাডেমিতে বিভিন্ন সংগঠনের স্টল, পোস্টার প্রদর্শনী, সিনেমা প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন চলছে। এতে একটি সংগঠনের ভালো উদ্যোগগুলো অন্যরা জানার সুযোগ পাচ্ছে।
উদ্বোধনী পর্বের প্রধান অতিথি স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কৈশোর হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময় কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। এ সময় তারা কোথায় যাবে, কোথায় সেবা পাবে, তা নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি নিতে হবে।
এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান লিয়ানে কুপেনস। তিনি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার হিসেবে প্রতিরোধযোগ্য মা ও নবজাতকের মৃত্যু ও অসুস্থতা প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পনা সেবা, যৌন সংক্রমণ, জরায়ুমুখের ও স্তন ক্যানসার, মাসিক, গর্ভপাত, এইচআইভি/এইডসসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে সার্বিক অবস্থান তুলে ধরেন।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা গেলে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হলে কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই মেয়েদের শিক্ষাক্ষেত্রে ধরে রাখা, কিশোরী মাতৃত্বের হার ও মাতৃমৃত্যু কমানোসহ অনেক অর্জন নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্বোধনী পর্বে আলোচনায় ইউএনএফপিএর এ দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন সরকার, দাতাগোষ্ঠী এবং এনজিওর পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেন।
এ পর্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিচালক আবদুল্লাহ সোহেল হাবিব, নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব মিশন মার্টিনেভান হোগসট্রাটেন এবং ইউনিসেফের উপপ্রতিনিধি স্টেফানো সাভি। সম্মেলনের এ পর্বসহ দিনব্যাপী অন্যান্য আলোচনা ও আয়োজনে কিশোর–কিশোরীরাও উপস্থিত ছিল।