বাজেটে শ্রমিকদের কল্যাণে বরাদ্দ বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শ্রমিকদের কল্যাণে বরাদ্দ বৃদ্ধির দাবি করেছে শ্রমিক অধিকারবিষয়ক ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

আজ সোমবার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা রাজধানীর জাতীয় সমাজতান্ত্রিক দলের (একাংশ) কেন্দ্রীয় কার্যালয়ের তাহের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা অভিযোগ করেন, প্রস্তাবিত ২০১৬-১৭ বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শ্রমিকদের জন্য ‘অতি নগণ্য পরিমাণ’ বরাদ্দ রেখেছেন। তাঁরা শ্রমিকদের কল্যাণে ও শ্রমিকদের জন্য বেতন কমিশন গঠনের জন্য বাজেটে আরও বরাদ্দ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সহ–আহ্বায়ক শ্রমিকনেতা কামরুল আহসান শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা ও রেশন চালুর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দাবি করেন। এ ছাড়া তিনি ২০ জুনের মধ্যে শ্রমিকদের বেতন, বকেয়া পাওনা ও উৎসব বোনাস পরিশোধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা শাহ মোহাম্মদ আবু জাফর, ওয়াজেদ উল ইসলাম খান, আনোয়ার হোসেন, শিরীন আখতার, সিরাজুল ইসলাম, জাহেদুল হক, রাজেকুজ্জামান রতন, নাইমুল আহসান প্রমুখ।