বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্যপদে চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিয়োগ, তাঁদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত এবং বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে বগুড়ায় আয়োজিত এক আলোচনা সভায় বুধবার বক্তারা এসব দাবি জানান।সুপ্র বগুড়ার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ‘অত্যাবশ্যকীয় ওষুধের নিশ্চয়তাসহ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করো: স্বাস্থ্যসেবায় সকলের অভিগম্যতা নিশ্চিত করো’ শীর্ষক এ সভা বগুড়া পৌরসভার সভাকক্ষে হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান আলী আজগর। এতে বগুড়ার ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন শরীফুর রশীদ, বিএমএর জেলা সভাপতি মোস্তফা আলম, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল খালেক, বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের জেলা সদস্যসচিব ড্যারিন পারভেজ, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, নারী ও শিশু বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নিভা রানী সরকার প্রমুখ।সভায় বক্তারা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল, প্রয়োজনীয় অবকাঠামো, যন্ত্রপাতি, উপকরণ ও অত্যাবশ্যকীয় ওষুধের সংকট নিরসনের পাশাপাশি সেবাদানে কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।