বাজেটে স্বাস্থ্যবিধির বিষয়টি এখনো ফুটনোটেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বাজেট
প্রথম আলো

জাতীয় বাজেটে হাইজিন বা স্বাস্থ্যবিধির বিষয়টি এখনো ফুটনোট হিসেবেই রয়ে গেছে। সুনির্দিষ্ট কোনো খাত, এমনকি উপখাত হিসেবে চিহ্নিত হতে পারেনি। ফলে, গুরুত্বপূর্ণ এ বিষয়টিতে বাজেট বরাদ্দ বরাবরই অপ্রতুল থেকে যাচ্ছে। করোনা অতিমারির এই সময়ে হাইজিনকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দের পাশাপাশি তা সুনির্দিষ্টভাবে খরচ হলো কি না, তারও নজরদারি জরুরি।

আজ রোববার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে বরাদ্দ বিষয়ে বাজেট–পূর্ব এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আলোচকেরা এসব কথা বলেন।

ওয়াটার এইড বাংলাদেশ, এমএইচএম প্ল্যাটফর্ম, বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্স, এফএসএম নেটওয়ার্ক, ফ্রেশওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, ইউনিসেফ, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, করোনা অতিমারির সময়েও হাইজিনকে বাজেটে নির্দিষ্ট উপখাত হিসেবে চিহ্নিত করা হয়নি। এর দায় সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে এনজিও এবং বেসরকারি সংস্থাগুলোকে নিতে হবে।

হাইজিন বিষয়ে সরকারের দলিলপত্রের অভাব নেই উল্লেখ করে হোসেন জিল্লুর রহমান বলেন, দলিলপত্রে ভালো ভালো কথাও লেখা আছে। তবে তা কাগুজে দলিলে পরিণত হয়েছে। এগুলোর বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

হোসেন জিল্লুর রহমান বলেন, করোনার সময়ও দেখা যাচ্ছে, কোনো একটা মার্কেটে হাত ধোয়ার জন্য বেসিন বানানো হয়েছে। বানানোর সময় তাতে সাবান, পানি সবই ছিল। তবে কয়েক দিন পরেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ এগুলোর দেখভাল কে করবে বা বাজেট কোথা থেকে আসবে, এ বিষয়গুলোর সমাধান করা হয়নি। একইভাবে শৌচাগার বানানো হলেও তার আর ব্যবহার করার উপায় থাকছে না। অর্থাৎ যে টাকা ব্যয় করা হলো, তারও অপচয় হলো।

জাতীয় বাজেটের বড় আরেকটি দুর্বলতা হচ্ছে শহর-গ্রাম অথবা শহর-শহরের মধ্যে বৈষম্য জিইয়ে রাখার প্রবণতা—এ বিষয়টি উল্লেখ করে হোসেন জিল্লুর রহমান এ বৈষম্য দূর করার বিষয়ে বাজেটসংশ্লিষ্ট সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন। পানি, শৌচাগার বা স্বাস্থ্যবিধি শুধু শহরের বা বড় শহরের মানুষের প্রয়োজন—এ চিন্তা থেকে বের হতে না পারলে তা কোনো কাজে লাগবে না বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, করোনা মোকাবিলায় হাত ধোয়া, মাস্ক পরার বিকল্প নেই। হাত ধোয়ার ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশন এবং ইউনিয়ন পর্যায়ের জন্য বাজেট বরাদ্দ থাকতে হবে। গত বছর করোনার ঝুঁকিপূর্ণ এলাকা ছিল ঢাকা, চট্টগ্রাম বা শহুরে এলাকা। তবে এবার দেখা যাচ্ছে সীমান্তবর্তী জেলা বা উপজেলাগুলোয় করোনার সংক্রমণ বাড়ছে। বাজেট বরাদ্দে এ বিষয়টিও খেয়াল রাখতে হবে।

হাসিন জাহান আরও বলেন, ওয়াটার এইড বাংলাদেশের এক গবেষণা বলছে, করোনায় খরচ বেড়ে গেছে। খরচ কমানোর জন্য যে নারী বা মেয়েরা করোনার আগে মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করত তা তারা এখন আর ব্যবহার করছে না। এই নারী ও মেয়েরা যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে আবার কাপড় ব্যবহার করছে। করোনায় সহায়তার তালিকায় চাল-ডালের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন রাখা এবং সরকার যাতে স্যানিটারি ন্যাপকিনকে কর ও ভ্যাটের আওতামুক্ত রাখে এবং দামটা কমায়, সে দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, গত বছর বাজেটে স্বাস্থ্য খাতে ১০ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ ছিল। তবে এ বরাদ্দ কীভাবে বা কারা ব্যবহার করবে, তার কোনো নির্দেশনা ছিল না। ফলে, টাকাটা আদৌ খরচ হয়েছে কি না, সংশ্লিষ্ট ব্যক্তিরা তা জানেন না।