অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে হাওরাঞ্চল ও চা-জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে। শিশু থেকে প্রবীণ—সব বয়সীদের কথা সমান বিবেচনায় রেখে বাজেট তৈরি হবে।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রাক্-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশের কোথাও এত পরিমাণ অনাবাদি জমি নেই, যেটি সিলেটে পড়ে রয়েছে। আমাদের এখানকার মানুষেরা একটু আয়েশি। বছরব্যাপী কাজ করার জন্য অনেকেরই হয়তো তেমন আগ্রহ নেই। তবে নিজের স্বার্থে, দেশের স্বার্থে এই আয়েশি ভাব কাটাতে হবে। অনাবাদি জমিগুলোকে আবাদি করে তুলতে হবে।’
অর্থমন্ত্রী জানান, এবারই প্রথমবারের মতো শিশু বাজেট ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া সরকারের আগ্রহের অন্যতম ক্ষেত্র তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও বাজেটে গুরুত্বারোপ করা হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মুমিন। সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণিপেশার ৩৪ জন প্রতিনিধি আগামী অর্থবছরের বাজেট নিয়ে নানা ধরনের সুপারিশ পেশ করেন।