জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য ৪০ ভাগ বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, জনপ্রতিনিধিসহ নাগরিক সমাজের নেতারা। তাঁরা বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়ন, স্থানীয় সরকার কমিশন গঠন, বাজেট বরাদ্দের নীতিমালা প্রণয়ন ও আয়ের খাত বাড়ানোর মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সম্ভব। তবে সব সমস্যার সমাধানে একপর্যায়ে স্থানীয় সরকারের সব স্তরে দলীয় নির্বাচন করতে হবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ‘জাতীয় ও স্থানীয় সরকারের সম্পদ বণ্টন প্রক্রিয়া পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, বিভিন্ন বিভাগের মাধ্যমে স্থানীয় উন্নয়নের জন্য দেওয়া বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। নীতিমালা তৈরি করে এই অর্থ ব্যবহারের বিষয়টি পরিবীক্ষণের দায়িত্ব উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে দেওয়া উচিত। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ দিলারা চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারকে বিশেষ নজর দিতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটও বাড়াতে হবে।’অনুষ্ঠানের সঞ্চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ স্থানীয় সরকার শক্তিশালীকরণে বড় বাধা। জাতীয় বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ স্থানীয় সরকারের জন্য রাখা উচিত। সেমিনারের সভাপতি ও ভূমি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক বলেন, স্থানীয় সরকারের বরাদ্দ দিতে হবে এলাকার পরিধি, জনসংখ্যা ও পশ্চাৎপদতার বিবেচনায়। সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আজমত উল্লা খান, মহাসচিব শামীম আল রাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফোরামের সভাপতি ফয়জুর রহমান ফকির, ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রমোটিং ডেমোক্রেটিক অ্যান্ড ডিসেন্ট্রালাইজড গভর্ন্যান্সের (পিডিডিজি) প্রধান সমন্বয়কারী ওয়াজেদ ফিরোজ। পিডিডিজি ও রাজকীয় ডেনিশ দূতাবাসের সহযোগিতায় মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এ সেমিনারের আয়োজন করে।