চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. ফিরোজ উদ্দিন আহমেদকে হঠাৎ করে বদলি করেছে রাজস্ব বোর্ড। বাজেটের আগে এবং দুই বছর পূর্ণ হওয়ার আগে এ ধরনের বদলির ঘটনার নজির কম বলে জানা গেছে। বিপিশিটসহ বিভিন্ন পণ্যে অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর এই কর্মকর্তাকে বদলি করার বিষয় নিয়ে কাস্টম হাউসে আলোচনা চলছে। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত সোমবার রাজস্ব বোর্ডের এক আদেশে ফিরোজ উদ্দিন আহমেদকে বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়। তিনি কাস্টম হাউসে প্রায় এক বছর পাঁচ মাস যুগ্ম কমিশনার পদে দায়িত্ব পালন করেন। সাধারণত, দুই বছর আগে এক শুল্ক স্টেশন থেকে আরেক স্টেশনে বদলি করা হয় না। কাস্টম হাউসের একাধিক সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বিপিশিটজাতীয় পণ্য আমদানির ১৬৭টি চালানে অনিয়ম শনাক্ত করা হয়েছে। এসব চালানের আমদানিকারকদের কাছ থেকে প্রায় ২২ কোটি টাকা বাড়তি রাজস্ব ও জরিমানা আদায় করা হয়। নিয়মিত তদারকির কারণে এসব পণ্য চালানে মিথ্যা ঘোষণার প্রবণতাও কমে আসছিল। জানতে চাইলে কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব পণ্যে অনিয়ম শনাক্ত করতে ফিরোজ উদ্দিন আহমেদের ভূমিকা ছিল বেশি। তবে এ বিষয়ে ফিরোজ উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।