বাজেটের আগেই গ্যাস-বিদ্যুৎ নিয়ে বিবৃতি: অর্থমন্ত্রী
বিদ্যুৎ ও গ্যাস-পরিস্থিতি নিয়ে জাতীয় বিবৃতি দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রণয়নের আগেই এ বিবৃতি দেওয়া হবে। তা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেও হতে পারে। গতকাল রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যুতের সার্বিক পরিস্থিতি বিবৃতিটিতে তুলে ধরা হবে। অর্থাৎ পুরোনো কেন্দ্রগুলোর কোনটির কত উৎপাদনক্ষমতা, সেই ক্ষমতার কতটা ব্যবহার করা হচ্ছে, নতুন কেন্দ্রগুলোর দরপত্রের সময়সূচি, কবে থেকে উৎপাদন শুরু হবে, কবে থেকে চুক্তি হবে ইত্যাদির বিবরণ থাকবে এতে। তবে গ্যাস-পরিস্থিতি নিয়ে বিশদ বিবরণ থাকবে না। অর্থমন্ত্রী বলেন, গ্যাসের সার্বিক পরিস্থিতি নিয়ে হয়তো বিশদ বিবরণ দেওয়া যাবে না। তবে জনগণ যাতে চিত্রটা বুঝতে পারে, তা তুলে ধরা হবে। কূপ খনন কবে থেকে হবে, অন্তত তা জানানো হবে।ক্রয়সংক্রান্ত কমিটি: সিরাজগঞ্জে ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের অর্থ জোগানদাতা নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিসভা কমিটিতে এযাবৎ তিনবার উপস্থাপিত হয় প্রস্তাবটি। গতকাল পুনর্বিবেচনার জন্য এটি ফেরত পাঠানো হয়েছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় মোট সাতটি প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হয় বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম। এতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি, সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের অধীনে পাঠাভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রকে পরামর্শক নিয়োগ, সড়ক রক্ষণাবেক্ষণে ১৫টি প্যাকেজের মধ্যে ১২টি প্যাকেজ, ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ বাজার অংশ পুনর্বাসন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণে পরামর্শক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।