বাজেটের পক্ষে-বিপক্ষে প্রাণবন্তআলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে শুরুতেই। এতে অনেকটা প্রাণবন্ত হয় সংসদ। তবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগও উঠে আসে আলোচনায়।

বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাজেট আলোচনা বাদ দিয়ে ক্ষমতাসীন দলের সাংসদেরা বেশি সময় ব্যয় করছেন সরকারের তোয়াজ করে। সরকারি দলও বিরোধী দলের সমালোচনার জবাব দেয়।

জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার এসব কথা বলা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া অনুপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সূচনা করেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘বাজেট হলো নিবন্ধিত দাম্পত্যক ক্রিয়া। আর সামরিক বাজেট হলো পরকীয়া।’ পাটমন্ত্রী সংসদকে জানান, সংসদ নির্বাচনে তিনি আর অংশ নেবেন না। সাংসদ হিসেবে এটাই তাঁর শেষ বক্তব্য। তবে শেখ হাসিনা দলীয় রাজনীতিতে যেভাবে তাঁকে চান, সেভাবেই কাজ করবেন।

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘বিরোধী দল দেশে উন্নয়ন দেখতে পায় না। কীভাবে দেখবে, তারা তো দেশের ভারী শিল্পগুলো সব বন্ধ করেছে। খাম্বা মাটিতে শুইয়ে রেখেছে।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, এই বাজেট লুটপাটের বাজেট। উনি (খালেদা জিয়া) মনে করেন, উনি যা ভাবেন, সবাই তা-ই বোঝেন। খালেদা জিয়া লুটপাট করেছেন। তাঁর দুই সন্তান আর দলের লোকজন লুটপাট করেছেন। উনি ভাবেন, সবাই লুটপাট করে খাবেন।’

এর আগে বিএনপির হাফিজুর রহমান প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন। বলেন, ‘আজকে দেশের অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবাই বলছেন বাজেট বাস্তবায়ন হবে না। ৫৫ হাজার কোটি টাকার ঘাটতি কোথা থেকে পূরণ হবে? কোটি কোটি টাকার ঘাটতি কোথা থেকে আসবে? ব্যাংক থেকে টাকা নিলে সেখানে তারল্য ঘাটতি হবে। বাজেটে শুভংকরের ফাঁকি রয়েছে।’

হাফিজুর রহমান পাটমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘চাষির ঘরে হাজার হাজার মণ পাট পড়ে আছে। এ বিষয়ে মন্ত্রী কিছু বললেন না। পাট রপ্তানি বিষয়ে কিছু বললেন না।’ তিনি এর আগে সরকারি দলের সদস্যের ৩০ মিনিটের বক্তব্যে ‘সরকারের তোয়াজ’ উল্লেখ করে সমালোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রী নিজেই চাকরিবিধি লঙ্ঘন করেছেন। চাকরিবিধি ভেঙে তাঁর নেতৃত্বে জনতার মঞ্চে এসেছিলেন সরকারি কর্মকর্তারা। আবার তিনিই আইন শেখাচ্ছেন।

জাসদের জিকরুল আহমেদ বলেন, বিরোধীদলীয় নেতা ৫ মে হেফাজতের পাশে ঢাকাবাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি বলব, এর মাধ্যমে প্রমাণিত হলো যে বিএনপি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে।’

বিএনপির হারুনুর রশিদ বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে সরকারের নিজস্ব লোকেরা জড়িত। এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে, কোনো লাভ হয়নি। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের দুই ব্যক্তির জন্য ঢাকাকে দুই ভাগে ভাগ করা হলো। চারজন থাকলে চার ভাগ করা হতো। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া প্রসঙ্গে বলেন, ফকিরাপুল, লোহারপুল, কাঠেরপুল, ইন্টারপুল, কোনো পুল দিয়ে তারেক রহমানকে ধরা যাবে না।

আওয়ামী লীগের এম এ মান্নান বলেন, ‘বিএনপির দোসর জামায়াত গতকাল যা করেছে, তা আপনারা (বিএনপি) দেখেছেন। আমি আশা করব, এসব দেখে আপনারা দোসরদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করবেন।’ আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘অনেকে বলছেন, বাজেট হচ্ছে বিগ “বিউটিফুল বেলুন”। ঠিক, এটি বিউটিফুল; বিউটিফুল বোয়িং প্লেনের ইঞ্জিন।’

বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, আগামী নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে পুতুলখেলা চলছে। সকালে বলা হচ্ছে যেকোনো স্থানে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে, বিকেলে বলা হচ্ছে সংবিধান অনুসারে নির্বাচন হবে।

আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের সাংসদ এম ইদ্রিস আলী, এম এ মান্নান, এনামুল হক প্রমুখ। অধিবেশন আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।