বাজেটের প্রথম অগ্রাধিকার হবে বিদ্যুত্ ও জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের বাজেটের প্রথম অগ্রাধিকার খাত হবে বিদ্যুত্ ও জ্বালানি। এর পরই স্থান পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমিয়ে স্থিতিশীল রাখাই হবে এবারের বাজেটে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বেসরকারি সমপ্রচার মাধ্যম এনটিভি আয়োজিত বাজেট নিয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এ বছর সবচেয়ে বড় সমস্যা হিসেবে হাজির হয়েছে বিদ্যুত্ ও জ্বালানি সংকট। এর আগে অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিদ্যুত্ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। তাঁরা বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণ করতে স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্তমান ও সাবেক মন্ত্রী, উপদেষ্টা, অর্থনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ী বক্তব্য দেন। অনুষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম ও লন্ডন থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়। দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক আনিসুর রহমান সিনহা বলেন, ‘অর্থনীতিতে যখন মন্দা কাটতে শুরু করেছে, তখন আমাদের মতো দেশগুলোর সামনে একটি সুযোগ আসে। কিন্তু বিদ্যুত্ ও জ্বালানি সংকটের কারণে আমরা প্রস্তুত না থাকায় সে সুযোগটি কাজে লাগাতে পারছি না।’প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুত্ খাতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নয় হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের কর্মসূচি রয়েছে সরকারের। এর মধ্যে সাত হাজার কোটি টাকা সরকার নিজের তহবিল থেকে জোগান দিয়েছে। এ ছাড়া সরকার ‘জ্বালানি ও বিদ্যুত্ তহবিল’ গঠন করতে যাচ্ছে। এর আগে সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিদ্যুত্ খাতে সরকারের ব্যয়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, আগামী বাজেটে এমন উদ্যোগ থাকতে হবে, যাতে কৃষক তাঁর উত্পাদিত পণ্যের ভালো মজুরি পান। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল জ্বালানিনির্ভর কৃষি থেকে বেরিয়ে আসতে বেসরকারি খাতে গবেষণা কার্যক্রম বৃদ্ধির জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেন। সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, কৃষিকে দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকে বাঁচাতে ভেজাল সার নিয়ন্ত্রণে নজরদারি ও শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বর্তমানে কৃষি অনেকখানি বদলে গেছে। কৃষিতে প্রযুক্তিনির্ভরতা ও বৈচিত্র্য বাড়ছে। এ অবস্থায় কৃষকের প্রচুর পুঁজি দরকার। তিনি কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দেওয়ার পরামর্শ দেন। সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুদ্রা সরবরাহজনিত কারণে মূল্যস্ফীতি হচ্ছে, এটা বলা যাবে না। পুঁজিবাজার নিয়ে আলোচনায় সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম পুঁজিবাজারে লেনদেনের জন্য বিও হিসাব খুলতে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার চিন্তারও তীব্র সমালোচনা করেন। স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী বলেন, বাজেট ঘোষণার পর মূল বাজেট সাধারণত অক্ষত থাকে না। একের পর এসআরও দিয়ে আসল বাজেটকে পাল্টে ফেলা হয়। এ প্রবণতা বন্ধ করতে হবে।