বাজেটের ৮৩ শতাংশ যাবে শিক্ষক ও কর্মীদের বেতনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ কোটি ৭০ লাখ টাকা ঘাটতি রেখে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৬৪ কোটি ১১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছে। গবেষণা খাতে আগের বছরের তুলনায় দ্বিগুণ বাড়িয়ে ১২ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বাজেটের প্রায় ৮৩ শতাংশই ব্যয় হবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও পেনশন খাতে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়। বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের ৫৫৫ কোটি ১১ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সিনেটের বিশেষ আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন বাজেট উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অন্য কর্মকর্তারা।
প্রস্তাবিত বাজেটে দেখা যায়, মোট বাজেটের ৮২ দশমিক ৫৪ শতাংশ ব্যয় হবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও পেনশনে। এর মধ্যে বেতন ও ভাতায় ৩৯৮ কোটি ১৫ লাখ টাকা ও পেনশনে ১৫০ কোটি টাকা ব্যয় হবে। বাকি ১৭ দশমিক ৪৬ শতাংশের মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ মাত্র ৬০ কোটি ৮১ লাখ টাকা (৯ দশমিক ১৬ শতাংশ)। এর মধ্যে গ্রন্থাগারের জন্য বই কেনা, প্রকাশনা, যন্ত্রপাতি ক্রয়, শিক্ষাসফর, সেমিনার, পরীক্ষা-সংক্রান্ত ব্যয়, শিক্ষক প্রশিক্ষণ, ছাত্রদের ইন্টারনেট, শিক্ষা উপকরণ, বৃত্তি, বিভাগীয় খেলা, ছাত্র পরামর্শ, ছাত্রকল্যাণ রয়েছে।
বাজেটের বাকি ৮ দশমিক ৪৮ শতাংশ আসবাব, বিদ্যুৎ-গ্যাস-টেলিফোন বিল, চিকিৎসাসেবা, বিভাগীয় আপ্যায়ন ও সভা, পরীক্ষার খাতা, টিএডিএ, জ্বালানি তেল ও গাড়ি রক্ষণাবেক্ষণ এবং সাধারণ ও আনুষঙ্গিক কার্যক্রমে ব্যয় হবে।
প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় দেড় কোটি টাকা বাড়ার কথা বলা হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৬০৮ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ৪১ কোটি টাকা নিজস্ব আয় ও ১৪ কোটি ৭০ লাখ টাকা ঘাটতি রেখে এই বাজেট করা হয়েছে।