বাজেট-উত্তর পর্যালোচনায় কৃষি মূল্য কমিশন গঠনের প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেট-উত্তর এক পর্যালোচনা সভায় বক্তারা কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষি মূল্য কমিশন’ গঠনের প্রস্তাব করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট কক্ষে গতকাল বৃহস্পতিবার সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফ্যামের যৌথভাবে ‘জাতীয় বাজেট ২০১৪-১৫: খাদ্যনিরাপত্তা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সুরক্ষা’ শীর্ষক ওই সভার আয়োজন করে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মাদ আবু ইউসুফ ও সহযোগী অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। মূল প্রবন্ধে তাঁরা বাজেটের বিভিন্ন ইতিবাচক দিকের পাশাপাশি কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, আধুনিক ও লোকজ প্রযুক্তির সমন্বয় করে কৃষি উৎপাদন, শস্য সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন সাধন, কৃষি ও শস্য বিমা প্রবর্তন ও বিশেষ কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করেন৷
অধ্যাপক তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।