বাজেয়াপ্ত ভবনের অধিকাংশ পণ্য ও যন্ত্রপাতি বেহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব জমি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হলেও বেহাত হয়ে গেছে ওই ভবনের পাঁচটি পোশাক কারখানার অধিকাংশ মালামাল ও যন্ত্রপাতি।
ঢাকার জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব কারখানার মালামালও বাজেয়াপ্ত করা হয়। রানার ১৭৪ শতাংশ জমি বাজেয়াপ্ত করার পাশাপাশি ঢাকার জেলা প্রশাসক ধসে পড়া রানা প্লাজার ফ্যান্টম অ্যাপারেলস, ফ্যান্টম টেক, ইথার টেক, নিউ ওয়েভ বটম এবং নিউ ওয়েভ স্টাইল নামের পাঁচটি পোশাক কারখানার বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেন।
জানা গেছে, রানা প্লাজা ধসের পর এসব কারখানার বিপুল পরিমাণ পণ্য, যন্ত্রপাতিসহ ওই ভবনের দুই শতাধিক দোকানের মালামালও ধ্বংসস্তূপের সঙ্গে সরিয়ে ফেলা হয়। সেগুলো রানা প্লাজার পেছনে একটি ডোবায় ও সাভার মডেল থানার অদূরে বংশী নদীর তীরে রেখে দেওয়া হয়।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, পাঁচটি পোশাক কারখানায় কর্মরত প্রায় চার হাজার শ্রমিকের কাজের জন্য অন্তত তিন হাজার সেলাই মেশিন, জেনারেটর, কাপড়, বিপুল পরিমাণ তৈরি পোশাক, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র, মোটরসহ বিভিন্ন ধরনের পণ্য সেখানে ছিল। আরও ছিল দুই শতাধিক দোকানের মালামাল, অন্যান্য গার্মেন্টসসামগ্রী, রড, লোহা, রাবিশ ও কংক্রিট।
কিন্তু সাভার উপজেলা পরিষদের জব্দ তালিকা অনুযায়ী, উপজেলা ত্রাণগুদামে রয়েছে মাত্র ২৩৫টি ক্ষতিগ্রস্ত সেলাই মেশিন, ২০৫টি মোটর, ৫৫টি কাপড়ের গাঁইট ও তিনটি এসি। এ ছাড়া রয়েছে ভাঙাচোরা যন্ত্রপাতি, রড, লোহা, কাপড়, রাবিশ ও কংক্রিটের স্তূপ।
স্থানীয় প্রশাসনের জব্দ তালিকা অনুযায়ী বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি নিলামে বিক্রির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়। গত বৃহস্পতিবার প্রকাশ্যে নিলামের দিন ধার্য ছিল। কিন্তু একজন ক্রেতা নিলামে অংশ নেওয়ায় ওই দিন নিলামের কার্যক্রম স্থগিত রাখা হয়।
নিলামে অংশ নিতে ইচ্ছুক আলমগীর হোসেন বলেন, রানা প্লাজার পেছনের ডোবায় ও বংশী নদীর তীরে স্তূপাকারে রাখা মালামালের প্রায় সবই চুরি হয়ে গেছে। পড়ে রয়েছে শুধু ভাঙাচোরা কংক্রিট আর কিছু রড। তাই তিনি নিলামে অংশ নেননি।
গতকাল রোববার সরেজমিনে এর সত্যতা পাওয়া যায়। স্থানীয় লোকজন জানান, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর সাভার মডেল থানা পুলিশ রানা প্লাজার সামনে তাঁবু টানিয়ে মাস দুয়েক ধ্বংসস্তূপ পাহারা দিয়েছে। কিন্তু গত নয় মাস পুলিশ আর পাহারা দেয় না। আর বংশী নদীর তীরেও কোনো পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়নি। এই সুযোগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীসহ প্রভাবশালী ব্যক্তিরা অধিকাংশ মালামাল রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাভারের কাতলাপুরের এক যুবক জানান, মাস তিনেক আগে স্থানীয় এক মাদক ব্যবসায়ী রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপ থেকে একটি জেনারেটর ভ্যানে তোলার সময় মুঠোফোনে পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি জেনারেটর নিয়ে সটকে পড়েন।
মালামাল বেহাত হওয়া প্রসঙ্গে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা প্রথম আলোকে বলেন, উদ্ধার অভিযানের সময় উন্মুক্ত স্থানে রাখা মালামাল দেখভালের দায়িত্বে ছিল পুলিশ। কোনো মালামাল খোয়া গেলে পুলিশই তা ভালো বলতে পারবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রানা প্লাজার ধ্বংসাবশেসহ বিভিন্ন ধরনের মালামাল দেখভালের জন্য লিখিত কোনো আদেশ পাওয়া যায়নি। এর পরও রানা প্লাজার সামনে নিয়মিত পুলিশ পাহারা রাখা হয়েছে। মালামাল খোয়া যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ রকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। বিচ্ছিন্নভাবে কেউ জানালে পুলিশ তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’