বাঞ্ছারামপুর-আড়াইহাজার রুটে মেঘনায় ফেরি বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সড়ক যোগাযোগের ব্যবস্থা গতকাল বুধবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে। বাঞ্ছারামপুর-আড়াইহাজার রুটে মেঘনা নদীতে স্থাপিত ‘একমাত্র’ ফেরিটি বিকল হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সিদ্ধিরগঞ্জ) সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে বাঞ্ছারামপুর-আড়াইহাজার রুটে গতকাল সকাল ছয়টা থেকে একটি ফেরির ইঞ্জিন বিকল হয়ে যায়। নদী পারাপারে তিনটি ফেরি থাকলেও গত ২৮ অক্টোবর একটি ফেরি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বন্দর এলাকায় মানুষ পারাপার করতে নিয়ে যাওয়া হয়। অপর দুটি ফেরির মধ্যে একটিতে ইঞ্জিনই নেই। কোনোরকমে কাজ চালানো এই ফেরিটি বিকল হয়ে যাওয়ায় যোগাযোগের ব্যবস্থা বন্ধ রয়েছে। নির্বাচনের কাজে ব্যবহার করতে নিয়ে যাওয়া ফেরিটি নির্বাচন শেষ হওয়ার পর পরই ফেরত দেওয়ার কথা। সরেজমিনে ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ঘাটের দুই পাড়ে শতাধিক গাড়ি আটকা পড়ে আছে। এতে যানসহ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বিকল হওয়া ফেরিটি চালু করতে মেরামতকাজ চলছে।মো. রুহুল মিয়া (৪৫) নামের এক যাত্রী বলেন, ‘এমন জানলে এদিক দিয়ে আসতাম না, আইসা যেন বিপদে পড়লাম।’নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দুই দিন আগে সবচেয়ে ভালো ফেরিটি সওজের যান্ত্রিক জোন বন্দর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। সে সময় বলা হয়েছিল, নির্বাচনের পর পরই ফেরিটি আবার ফেরত দেওয়া হবে। তবে অকেজো হওয়া ফেরিটি মেরামতের কাজ চলছে। ঠিক হলেই ফেরি আবার চালু করা হবে।’ তিনি আরও বলেন, শুধু একটি ফেরি দিয়ে একটি ঘাট নিয়ন্ত্রণ করা যায় না। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল কুদ্দুছ যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ফেরির সমস্যা দ্রুত সমাধান করে যোগাযোগের ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।