ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে নকলে সহায়তা করার দায়ে গতকাল শনিবার এক শিক্ষকসহ তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নকল সরবরাহ করার অভিযোগে কসবায় দুজনকে একই মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার ড. রওশন আলম কলেজের সমাজকল্যাণ বিষয়ের শিক্ষক কে এম কায়সার, জগন্নাথপুর গ্রামের মো. রিয়াজ হোসেন, ফরদাবাদ গ্রামের নূর মোহাম্মদ; কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ গ্রামের মো. মাহবুব আলম এবং কসবা উপজেলার যমুনা গ্রামের মো. আল-আমিন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে বাইরে থেকে রিয়াজ হোসেন ও নূর মোহাম্মদ মুঠোফোনের মাধ্যমে কক্ষ পরিদর্শক কে এম কায়সারের কাছে নকল সরবরাহ করেন। এ সময় তাঁদের মুঠোফোন জব্দ করে নকল সরবরাহ করার বিষয়ে প্রমাণ পান নির্বাহী হাকিম মো. সোহাগ হোসেন। পরে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে কারাদণ্ড দেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ কলেজ কেন্দ্রে বহিরাগত মাহবুব আলম তাঁর বন্ধুকে নকল সরবরাহ করতে গেলে নির্বাহী হাকিম তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী হাকিম মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। একই দিনে চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে নকল সরবরাহের সময় আল-আমিনকে আটক করেন নির্বাহী হাকিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকেও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।