বাঞ্ছারামপুর ও দেবীদ্বারে বিএনপির ভোট বর্জন

ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছয়টি এবং কুমিল্লার দেবীদ্বারে তিনটি ইউপি নির্বাচন বর্জন করেছে বিএনপি।
বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি।
গতকাল দুপুর ১২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের তেজখালী বাজারে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সভাপতি এম এ খালেক ছয়টি ইউপির নির্বাচন বর্জন করার ঘোষণা দেন। এ সময় এম এ খালেক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বেলা ১১টার মধ্যেই ছয়টি ইউনিয়নে (মানিকপুর, ফরদাবাদ, তেজখালী, রূপসদী, ছলিমাবাদ, দড়িকান্দি) চেয়ারম্যান পদে ব্যালটে সিল মারা হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন সকাল আটটা থেকেই কেন্দ্র দখলে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে। অনেক কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কেন্দ্র দখল হয়েছে। নির্বাচন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করার দাবি করেন তিনি।
রূপসদী ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রথমে যে ব্যালট বই পোলিং কর্মকর্তার নিকটে দিয়েছে, তাতে কোনো সিল দেওয়া ছিল না। পরের সবটিতে নৌকা প্রতীকে সিল দেওয়া ছিল।’ সংবাদ সম্মেলনে ছলিমাবাদ ইউপির বিএনপির প্রার্থী মো. বিল্লাল হোসেন, তেজখালীর বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক, রূপসদীর বিএনপির প্রার্থী মো. দেলোয়ার হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্র দখল, সিল মারার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপি সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছে, এমনটি আমার জানা নাই। আমার জানা মতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীন বলেন, প্রশাসন কারোর পক্ষ নিয়ে কাজ করেনি, নিরপেক্ষভাবে কাজ করেছে সবাই। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ, এলাহাবাদ ও রাজামেহার ইউপির বিএনপির তিন প্রার্থী ভোট বর্জন করেছেন।