ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রাধানগর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক গতকাল শুক্রবার ভোরে পানির স্রোতে কয়েক স্থানে ভেঙে যাওয়ায় বাঞ্ছারামপুরের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এবং সময়মতো পদক্ষেপ না নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম গতকাল নির্মাণাধীন সেতু এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঠিকাদারের অবহেলার কারণেই বিকল্প সড়কটি পানির স্রোতে ভেঙে গেছে। সময়মতো পদক্ষেপ নিলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতো না। তিনি আরও বলেন, বিকল্প সড়কের ওপর অস্থায়ীভাবে বেইলি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।বাঞ্ছারামপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-ঢাকা সড়কে রাধানগর এলাকায় চার কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ১১০ ফুট দীর্ঘ সেতু নির্মাণের কাজ পায় এমএ, এমএমকে ও এনআইজেবি নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের নভেম্বরে এর নির্মাণকাজ শুরু হয়। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা। গতকাল দুপুরে সরেজমিনে সেতু এলাকায় দেখা যায়, সেতুর পশ্চিম পাশের বিকল্প সড়কটির প্রায় ১০০ ফুট পানির স্রোতে ভেঙে গেছে। নৌকায় পারাপার হচ্ছে সাধারণ মানুষ। রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাও নৌকায় পার করা হচ্ছে। ভারী যানবাহন পারাপার বন্ধ রয়েছে।সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বিকল্প রাস্তাটির উচ্চতা বাড়াতে ঠিকাদারকে দুবার চিঠি দেওয়া হলেও তাঁরা এ ব্যাপারে পদক্ষেপ নেননি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, তারা এ ব্যাপারে কোনো চিঠি পায়নি।