বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্স চলছে দুই চিকিৎসকে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স চলছে মাত্র দুজন চিকিৎসক দিয়ে। উপজেলার প্রায় সোয়া তিন লাখ মানুষের সরকারি চিকিৎসাসেবা মূলত এই হাসপাতালকেন্দ্রিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের পদ রয়েছে। গত ৫ জানুয়ারি চিকিৎসক রাসেল ভূঁইয়া ঢাকায় প্রেষণে বদলি হয়ে যান। বর্তমানে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কাজী লুৎফুন্নাহার কর্মরত আছেন। আর দরিকান্দি উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আবদুস ছালাম সিকদার এই হাসপাতালে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।সরেজমিনে গত বৃহস্পতিবার হাসপাতালে দেখা যায়, শতাধিক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন চিকিৎসা নিতে। রোগী দেখতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক আবদুস সালাম। রোগীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। চিকিৎসক আবদুস ছালাম সিকদার বলেন, বহির্বিভাগে সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রোগী দেখতে হয়। প্রতিদিন অন্তর্বিভাগ ও বহির্বিভাগসহ সব মিলিয়ে ৩৫০ থেকে ৪০০ রোগী দেখতে হয়। মিনিটে একজনের বেশি রোগী দেখতে হয়। এ ছাড়া দাপ্তরিক কাজকর্মও সারতে হচ্ছে। চিকিৎসকসংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হলেও কোনো কাজ হচ্ছে না।হাসপাতালে ভর্তি থাকা ছলিমাবাদ গ্রামের অলেক মিয়া (৬০) বলেন, ‘একজন স্যারই মাঝে-মইদ্দে আইসা আমাগোরে দেইখ্যা যায়। পায়খানায় যাওন যায় না, দরজা ভাঙ্গা।’ ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে চিকিৎসকসংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হলো ওপরে লেখা, সেখান থেকে ডাক্তার না দিলে আমাদের কিছুই করার থাকে না। তবে আশা করছি, ১০-১২ দিনের মধ্যে দুজন ডাক্তার দেওয়া হবে।’