ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে সোলেমান মিয়া ভুইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷ গত রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দুলারামপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ফরিদ মিয়া (৬৫), আবু কালাম (৪০) ও নসুর উদ্দিন (২৫। টেঁটাবিদ্ধ ওই তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আহাম্মেদের সঙ্গে ওই ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের সমর্থক জসিম উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে৷
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) অংশু কুমার দেব জানান, গত শনিবার শাহিন আহাম্মেদ পক্ষের নাজিম উদ্দিন ভুইয়ার সঙ্গে জসিম উদ্দিনের এক সমর্থকের কথা-কাটাকাটি হয়৷ এর জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ সংঘর্ষে আহত সোলেমান মিয়া ভুইয়াকে ঢাকা নেওয়ার পথে রাত নয়টার দিকে তিনি মারা যান৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।