বাঞ্ছারামপুরে ইট ফেলে মেঘনা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামে একটি ইটভাটার মালিক ইট ফেলে মেঘনা নদী দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
এ ঘটনায় ভূমি কর্মকর্তারা ওই ইটভাটার মালিককে ভরাট বন্ধ করে ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন৷ কিন্তু এম এইচ কে ব্রিক নামের ওই ইটভাটার মালিক ও উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরের দাবি, ভরাট করা জমির মালিক তিনি৷ তাই ইটও সরিয়ে নেননি৷
স্থানীয় লোকজন জানান, দশানী গ্রামের পশ্চিম পাশ দিয়ে মেঘনা নদীর প্রবাহ ছিল৷ কালের বিবর্তনে নদী গতিপথ পাল্টালেও প্রায় ৩০০ ফুট চওড়া নদী রয়ে গেছে৷ সম্প্রতি দশানী বাজারসংলগ্ন এম এইচ কে ইটভাটায় গিয়ে দেখা গেছে, ভাটার পাশেই মেঘনা নদীর দুই তিন বিঘা নিচু জায়গায় বাতিল এবং পুরোনো ইট ও মাটি ফেলে ভরাট করা হয়েছে৷
ভাটার এক শ্রমিক জানান, কয়েক বছর ধরে ভাটার বাতিল ইট দিয়ে একটু একটু করে নদী ভরাট করা হচ্ছে৷ দশানী গ্রামের বৃদ্ধ সুদন মিয়া (৮০) বলেন, ‘ইট ফালাইয়া গাং (নদী) ভইরা ফালাইছে৷ চার-পাঁচ বছর ধইরা হেরা নদীডা ভরতাছে৷ হেরার জোর বেশি, হের লাইগা কেউ কিছু কইতে চায় না৷’
কৃষক ইদ্রিছ আলী বলেন, ‘দুই তিন কানি (বিঘা) জায়গা ভইরা লাইছে৷ যেই ভাবে নদী ভরতাছে, কয়দিন পরে নদীর অর্ধেক পর্যন্ত চইলা যাইব৷’
ইটভাটার মালিক মো. হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নদী ভরাটের কথা স্বীকার করে দাবি করেন, ‘এখানে নদীর কোনো জায়গা নাই৷ আমার যেই জায়গায় বোরো লাগাইতাম, হেই জায়গা আমি ভরাট করছি৷ আর নদীর ভিতরে আমার আরও জায়গা আছে৷’
আইয়ুবপুর ইউনিয়নে ভূমি কার্যালয় না থাকায় ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব পালনকারী বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দশানী গ্রামে দখল করা স্থানে আগে নদী ছিল৷ ওই জমির মালিক সরকার৷ নদী ভরাটের বিষয়ে নিশ্চিত হওয়ার পর ইটভাটার মালিককে নদী থেকে ইট সরিয়ে নিতে বলা হয়েছে৷
একই কথা বলেন উপজেলা কানুনগো ম্রাঘ্য মারমা৷ তিনি বলেন, ‘আমি নিজে কয়েকবার দশানী গ্রামে গিয়ে নদী ভরাট করতে নিষেধ করেছি এবং ইট সরিয়ে নিতে বলেছি৷ ইট সরিয়ে না নিলে ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷’