বাঞ্ছারামপুরে কার স্বার্থে কালভার্ট?
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাস্তায় নির্মিত একটি কালভার্ট কোনো কাজে আসছে না। কালভার্টটির এক পাশে নিচু জমি, অন্য পাশে উঁচু জায়গা। ফলে এ কালভার্ট দিয়ে পানি কোনো দিকেই যাওয়া-আসা করতে পারে না।
সওজের বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে উজানচর পর্যন্ত চার কিলোমিটারের মধ্যে পাঁচটি কালভার্ট রয়েছে। এর মধ্যে বাঞ্ছারামপুরের বৈরাগনীর খালের ওপর একটি, ফায়ার সার্ভিসসংলগ্ন একটি, ঝগড়ারচর-সংলগ্ন দুটি এবং উজানচরসংলগ্ন একটি কালভার্ট রয়েছে। এসব কালভার্ট ২৫-৩০ বছর আগে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।২০১৪-১৫ অর্থবছরে এইপাঁচটি কালভার্ট ভেঙে সেখানে নতুন করে নির্মাণের জন্য এককোটি ৮২ লাখ ৮০ হাজার ৭৮৯ টাকা ব্যয় করা হচ্ছে। ওই কাজ বাস্তবায়ন করছে কুমিল্লার এম এ জাহের নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৩১ আগস্ট থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় নভেম্বরে। ঠিকাদারকে এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। তবে এসব কালভার্টের মধ্যে চারটি দিয়ে পানি আসা-যাওয়া করলেও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের কার্যালয়সংলগ্ন কালভার্ট দিয়ে ৮-১০ বছর আগে থেকেই পানিপ্রবাহ বন্ধ রয়েছে।
গত মঙ্গলবারবাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসসংলগ্ন কালভার্ট এলাকায় গিয়ে দেখা যায়, কালভার্টের এক পাশে নিচু জমি এবং অন্য পাশে জমি ভরাট করে স্থানীয় লোকজন বাড়ি নির্মাণ করেছেন। ফলে কালভার্ট দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না।
এ সময় বাঞ্ছারামপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘২০-৩০ বছর আগে এখানে কালভার্টের নিচে দিয়া বাইড়া মাসে (বর্ষাকালে) নৌকা পর্যন্ত চলত, আর পানির স্রোতও ছিল অনেক। কিন্তু রাস্তার পশ্চিম দিক দিয়া মানুষে জমি ভইড়া (ভরাট করে) বাড়ি বানাইয়া ফালাইছে। হের লাগি অহন পানি এই কালভার্টের নিচে দিয়া যাওয়া বন্ধ হইয়া গেছে। তাই এখানে কালভার্ট তৈরির কারণ নাই।’
একই গ্রামের জামাল মিয়াবলেন, বাঞ্ছারামপুরফায়ার সার্ভিসসংলগ্ন পুরোনো কালভার্টের জায়গায় নতুন করে কালভার্ট
নির্মাণ করা হলে সেটি এলাকাবাসীর কাজে আসবে না। বরং ওই স্থান মাটি দিয়ে ভরাট করে দিলে রাস্তা টেকসই হবে।
এ ব্যাপারে ঠিকাদার এম এ জাহেরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
সওজ বাঞ্ছারামপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাবিব উল্লাহ বলেন, কালভার্ট তৈরি করা হয় মূলত পানিপ্রবাহের জন্য। ওই কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহিত হবে কি না, এ বিষয়টি খতিয়ে দেখা হয়নি। এ ছাড়া আগে থেকেই কালভার্ট আছে বিধায় সেখানে কালভার্ট করতে প্যাকেজ করে প্রকল্প দেওয়া হয়েছে।