বাঞ্ছারামপুরে কৃষকদের মারধর কমলগঞ্জে নারীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতা নিতে এসে বৃহস্পতিবার কমলগঞ্জে প্রায় ২০০ নারী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরের অগ্রণী ব্যাংকে ভর্তুকির টাকা নিতে আসা চারজন কৃষকে ব্যাংকের লোকজন ও আনসাররা পিটিয়ে জখম করেছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মাতৃত্ব, বিধবা ও বৃদ্ধ ভাতার সুবিধা ভোগীদের উপজেলা মিলনায়তনে ভাতা প্রদানের দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাতা বিতরণ করেন। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট কার্যালয়ের লোকজন তাঁদের খবর দিয়ে সকাল নয়টা থেকে সেখানে দাঁড় করিয়ে রেখেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুরজিৎ পাল জানান, তিনি বুঝতে পারছেন না কে বা কারা ভুল তথ্য দিয়ে নারীদের সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এনেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বাঞ্ছারামপুর উপজেলার খাগকান্দা গ্রামের দুই শতাধিক কৃষক কৃষিভর্তুকির টাকা নিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রতাপগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংকে এসে লাইনে দাঁড়ান। এ সময় গেটে থাকা আনসাররা লাইন ভেঙে পেছনের কয়েকজনকে আগে ব্যাংকে ঢোকার সুযোগ করে দেন। কৃষক জালাল উদ্দিন (৩৮) এর প্রতিবাদ করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা রফিক ও হেলাল নামের দুই আনসার তাঁকে ধরে ভেতরে নিয়ে গিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। জালালকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে আরও চারজনকে পিটিয়ে আহত করা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মান্নান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভেতরে ঢোকার জন্য ব্যাংকের নিরাপত্তারক্ষীদের ওপর কৃষকেরা হামলা করলে আনসাররা একটু মারধর করছে, তবে বিষয়টি সদর ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আমার কার্যালয়ে বসে মীমাংসা করে ফেলা হয়েছে।’