বাঞ্ছারামপুরে খাসজমিতে আ.লীগের কার্যালয় নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রুস্তম আলম সরকারি খাসজমি দখল করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জমিতে স্থানীয় আরও আট ব্যক্তি একটি করে দোকানঘর নির্মাণ করছেন।
এ নিয়ে ওই ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা শুক্কুর আলী গত ৫ নভেম্বর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো বরাবর প্রতিবেদন দিয়েছেন। এর পরও স্থাপনা নির্মাণ থেমে নেই।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ছলিমাবাদ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৭৭১ নম্বর দাগে ৬১ শতক সরকারি জমি রয়েছে। ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শুক্কুর আলী তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, ওই জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে বলে তথ্য পেয়ে তিনি এবং ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা সহিদুল ইসলাম সেখানে যান। তাঁরা সেখানে ভবন নির্মাণকাজে ব্যস্ত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, ইউপি চেয়ারম্যানের নির্দেশে আওয়ামী লীগের কার্যালয় ভবন নির্মাণ করা হচ্ছে। তাঁরা শ্রমিকদের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু পরে আবার নির্মাণকাজ শুরু করা হয়। এখনো ভবন নির্মাণ অব্যাহত রয়েছে।
এ ছাড়া ওই সরকারি জমি দখল করে জাহাঙ্গীর আলম, হেলাল মিয়া, রহিছ মিয়া, মোখলেছ মিয়া, মনির মিয়া, সেলিনা বেগম, মাইনউদ্দিন ও আবুল কাসেম একটি করে দোকানঘর নির্মাণ করেছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে প্রায় দুই শতক জমিতে একটি আধাপাকা ভবন নির্মাণ করছেন কয়েকজন শ্রমিক। চারদিকে দেয়াল নির্মাণ শেষ করে টিনের চাল তৈরির কাজে ব্যস্ত শ্রমিকেরা। শ্রমিক হোসেন মিয়া বলেন, ‘চেয়ারম্যান সাবের কথায় আমরা ঘর তৈরির কাজ করতাছি।’
সহকারী ভূমি কর্মকর্তা মো. শুক্কুর আলী বলেন, সরকারি খাস জায়গা দখল করে দোকান এবং আওয়ামী লীগের কার্যালয় নির্মাণকারীদের চিহ্নিত করে কানুনগো স্যারের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।
সরকারি জমি দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. রুস্তম আলম বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয় যেখানে নির্মাণ করা হচ্ছে, আমার জানা মতে সেটা ব্যক্তিগত জায়গা, তাই সেখানে আওয়ামী লীগের কার্যালয় তৈরি করা হচ্ছে।’ দোকানঘর নির্মাণের ব্যাপারে হেলাল মিয়া বলেন, ‘সরকার চাইলে আমি জমি ছেড়ে দেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন বলেন, খাস জায়গা দখলমুক্ত করতে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।