বাঞ্ছারামপুরে গম ক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারিভাবে স্থানীয় কৃষকদের কাছ থেকে গম ক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর আগে গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উজানচর গ্রামের বাসিন্দা কাজী জাদিদ আল-রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামীনের কাছে গম ক্রয়ে অনিয়মের অভিযোগে একটি লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় ইউএনও উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
আওয়ামী লীগ নেতার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কৃষকদের কাছ থেকে গম ক্রয় করার কথা। সরকারিভাবে প্রতি কেজি গমের মূল্য নির্ধারণ করা হয় ২৮ টাকা। কিন্তু উপজেলার উজানচর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিঞা কোনো রকম প্রচার না চালিয়ে ৫০ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১৭৯ মেট্রিক টন গম ক্রয় করেন। ওই গম আগের টিআর, কাবিখা প্রকল্পের। এই গম নতুন বস্তায় ভরে পুনরায় গুদামজাত করা হয়। গম ক্রয়ে ৬০ জন কৃষকের নাম উল্লেখ করা হলেও তাঁদের কারও কাছ থেকে গম কেনা হয়নি।
এ বিষয়ে উজানচর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান বলেন, ‘প্রথমবারের মতো সরকার আমাদের গম কেনার জন্য বরাদ্দ দিয়েছে। ৬০ জন কৃষকের কাছ থেকে আমরা গম ক্রয় করেছি।’
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শরীফ মোল্লা বলেন, ‘নিয়মনীতি মেনেই স্থানীয় কৃষকদের কাছ থেকে ১৭৯ মেট্রিক টন গম ক্রয় করেছি। স্থানীয় কোনো ব্যক্তির সহায়তায় গম কেনা হয়নি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘আমি খামার বাড়িতে একটি প্রশিক্ষণে আছি (গতকাল বৃহস্পতিবার)। তবে শুনেছি আমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।’
এ ব্যাপারে ইউএনও ও গম ক্রয় কমিটির সভাপতি নূর-ই-খাজা আলামীন বলেন, ‘গম ক্রয়ে অনিয়মের লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’