বাঞ্ছারামপুরে গৃহবধূকে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের গৃহবধূ অঞ্জনা কর্মকারকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সফিক মিয়া (৩০) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অঞ্জনার স্বামী শিপন কর্মকারের মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে গত শনিবার রাতে উপজেলার পাড়াতলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এদিকে সফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয়েছে, ভাড়াটে খুনি দিয়ে শিপন কর্মকার স্ত্রীকে খুন করিয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রূপসদী গ্রামের ভূষণ কর্মকারের ছেলে শিপনের সঙ্গে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিষ্ণুপুর গ্রামের দেবেন্দ্র কর্মকারের মেয়ে অঞ্জনার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনায় কয়েক দফা সালিসও হয়েছে। বাড়ির পাশেই নিজের (বাইনা) দোকানে ঘটনার রাতে রহস্যজনক কারণে চারটা পর্যন্ত অবস্থান করেন শিপন।সফিক মিয়া পুলিশকে বলেন, ৮০ হাজার টাকায় এলাকার তিনজনকে ভাড়া করেন শিপন। গত ২৪ জুলাই রাতে দোকান ছেড়ে শিপন বাড়িতে এসে স্ত্রীকে দরজা খুলতে ডাক দেন। অঞ্জনা দরজা খোলার সঙ্গে সঙ্গেই সফিকসহ আরও দুজন (তদন্তের স্বার্থে পুলিশ ওই দুজনের নাম প্রকাশ করেনি) ঘরে ঢুকে গামছা দিয়ে অঞ্জনার মুখ চেপে ধরেন। শ্বাস রোধ করে অঞ্জনার মৃত্যু নিশ্চিত করে তাঁরা চলে যান।পরের দিন গত ২৫ জুলাই দেবেন্দ্র কর্মকার বাদী হয়ে তিনজনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই দিনই স্ত্রী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শিপন এবং অঞ্জনার শাশুড়ি অঞ্জলি কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা এখন কারাগারে আটক রয়েছেন।বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ বলেন, সফিককে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।