বাঞ্ছারামপুরে টিআরের চাল লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের মাঠ ভরাট করার নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (টিআর) অধীনে বরাদ্দ দেওয়া নয় মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ওই কলেজের অধ্যক্ষ আবদুর রহিম এবং পরিচালনা পর্যদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ওই চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ এখন একই স্থানে এলজিইডির বরাদ্দ দেওয়া অর্থে মাঠ ভরাট করা হচ্ছে।
বাঞ্ছারামপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থবছরে স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দ হিসেবে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ছাত্রাবাসের সামনের নিচু জায়গা ভরাট করতে টিআরের নয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয় কলেজের পরিচালনা পর্যদের অভিভাবক সদস্য মো. মিজানুর রহমানকে। ওই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে গত ৩০ জুন মাস্টাররোল জমা দেয় বাস্তবায়ন কমিটি।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, কাজ না করেই উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম কাজের মাস্টাররোল পিআইওর কার্যালয়ে জমা দিতে বলেছেন। সে অনুযায়ী তিনি সেই মাস্টাররোল পিআইওর কার্যালয়ে জমা দেন।
চাল ক্রেতা বাঁশগাড়ী গ্রামের বাসিন্দা আলী আহমদ জানান, এক মাস আগে তিনি টিআরের নয় টন চালের ডিও লেটার (অনুমতিপত্র) উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছ থেকে কিনেছেন। চেয়ারম্যান ওই চাল এক লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম বলেন, ‘আমার জানামতে, এলজিইডির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’ তবে যোগসাজশ করে চাল আত্মসাৎ করার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন তিনি।
উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, গত মে মাসে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের মাঠ এবং ছাত্রাবাসের সামনের নিচু জমি ভরাট করতে পাঁচ লাখ ১৬ হাজার ৫৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ওই কাজ বাস্তবায়ন করছে উপজেলার মেসার্স রায়হান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও আরও দেড় মাস সময় বাড়ানো হয়েছে। তিনি বলেন, পিআইও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে নয়, বরং এলজিইডির একক তহবিলে পুরো কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার কলেজে দেখা গেছে, ঠিকাদারের লোকজন কলেজের মাঠ বালু দিয়ে ভরাট করছেন। মাঠের কাজ শেষ করে ছাত্রাবাসের সামনের অংশে বালু ভরাট চলছে।
অধ্যক্ষ আবদুর রহিম বলেন, এলজিইডির টাকায় কলেজের মাঠ ও ছাত্রাবাসের সামনের নিচু জায়গা ভরাট করা হচ্ছে। টিআরের নয় মেট্রিক টন চাল কোথায় গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কলেজ পরিচালনা পর্যদের সভাপতি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেন। তিনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। তিনি চাল আত্মসাৎ করার কথা অস্বীকার করেন।
উপজেলা চেয়ারম্যান ও কলেজের পরিচালনা পর্যদের সভাপতি মো. সিরাজুল ইসলাম টিআরের চাল বিক্রির টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি ওই টাকা কলেজের উন্নয়নে ব্যয় করেছি। এ ব্যাপারে লেখালেখি কোরো না। তুমি আমার সঙ্গে দেখা কোরো’